ধর্ম মানুষকে ধৈর্য্য ও সহনশীল হতে শিক্ষা দেয়। মানুষের সেবা করা মহৎ ধর্ম। তবে সমাজে কিছু দুষ্টু লোক থাকে। যে দুষ্ট লোকের কোন ধর্ম নেই, বর্ণ নেই, সম্প্রদায় নেই। তাদের কোন গ্রহণযোগ্যতাও নেই। সমাজে এ ধরনের দুষ্টু লোক থেকে নিজেদের সচেতন থাকার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর।
আজ পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪০ লাখ টাকা ব্যয়ে বান্দরবান জেলার দাঁতভাঙ্গা পাড়া বৌদ্ধ বিহার নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।
বৌদ্ধ বিহার উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পার্বত্য জেলা পরিষদের সদস্য কাঞ্চনজয় তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, কুহালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংপু মারমা, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংসাহ্লা মারমা, ৪নং ওয়ার্ডের সদস্য অজিত তঞ্চঙ্গ্যা সহ বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সম্মানীত সদস্যরা।
মন্ত্রী বলেন, সম্প্রীতির সুতিকাগার বলা হয়ে থাকে বান্দরবান জেলাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার প্রত্যেক ধর্মের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। এখানে প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য মসজিদ, মন্দির, বৌদ্ধ বিহার ও গীর্জা নির্মানের ফলে সানন্দে ধর্মীয় উৎসব পালন করতে পারছে সবাই। তিনি আরো বলেন, বান্দরবান জেলার মতো এত সম্প্রদায়ের মানুষের মিলেমিশে একত্রে বসবাস দেশের অন্য কোন জেলায় নেই।
অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রূপকল্প-৪১ উন্নত বাংলাদেশ গড়ায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মন্ত্রী।





