পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই তিস্তার পানি ভাগাভাগির চুক্তি নিয়ে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এতে চরম ক্ষুব্ধ হয়েছেন মমতা বন্দোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাংলাদেশের প্রতি ভালোবাসা থাকলেও তিস্তা চুক্তি বাস্তবায়িত হতে দেওয়া সম্ভব নয়। প্রাথমিক কারণ হিসেবে তিনি বলেন, আগে এ বৈঠক ত্রিপক্ষীয় স্তরের সবাইকে নিয়ে করা হতো। রাজ্যের নদীর ক্ষেত্রে রাজ্যকেও ডাকা হতো, কিন্তু এখন সেটা হচ্ছে দ্বিপক্ষীয় স্তরে।
পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদিকে। তিস্তা এবং ফারাক্কার পানি বাংলাদেশকে দেওয়ার বিষয়ে ব্যাপক বিরোধিতা করেছেন তিনি। এমনকি একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে ভারতজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
মোদিকে লেখা চিঠিতে মমতা বলেছেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী সম্প্রতি ভারত সফরে এসেছিলেন সেই প্রসঙ্গে আপনাকে লিখছি। গঙ্গা ও তিস্তার জলবণ্টন নিয়ে আলোচনা হয়েছে আপনাদের মধ্যে। কিন্তু রাজ্য সরকারকে না জানিয়ে এই ধরনের আলোচনা প্রত্যাশিত নয়, সেটা গ্রহণযোগ্যও নয়।’
‘আমাদের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ভৌগোলিকভাবে এই সম্পর্ক। সাংস্কৃতিক ও অর্থনৈতিক দিক থেকেও আমাদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি বাংলাদেশের মানুষকে শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু পানি অত্যন্ত দামি সম্পদ। এটা মানুষের লাইফলাইন। এই সংবেদনশীল বিষয় নিয়ে আমরা আপোস করতে পারি না। এই ধরনের চুক্তি হলে বাংলার মানুষ সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’ – বলেও জানান তিনি।
রাজ্যের সচিবালয় নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিস্তা-ফরাক্কার জল বণ্টন নিয়ে কেন্দ্রীয় পদক্ষেপে তিনি যে সন্তুষ্ট নন, তা পরিষ্কার করেন। তিনি বলেন, ‘পানির আরেক নাম জীবন। ওরা (কেন্দ্র) জানেনা যে উত্তরবঙ্গের একাংশের মানুষ আগামী দিনে খাবার পানি পাবে না। তিস্তায় পানি নেই। ভাবছে গায়ের জোরে… উত্তরবঙ্গ থেকে জিতেছি বলে উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করব। কেন্দ্র যদি না শোনে, একতরফাভাবে কোনো সিদ্ধান্ত নেয়, তবে বাংলাজুড়ে আন্দোলন চলবে, দেশজুড়ে আন্দোলন চলবে।’
ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলাকে বঞ্চনা ও ভাতে মারার অভিযোগ করে মমতা ব্যানার্জি বলেন,‘বাংলাকে শেষ করে দেওয়ার জন্য ভাতে মারার চক্রান্ত চলছে। আবার বলছে তিস্তার পানি দেবে।’
মমতা বলেন, ‘আমরা বাংলাদেশকে যথেষ্ট ভালোবাসি। তাদের জন্য আমরা ছিটমহল করে দিয়েছি। আমি নিজে যখন রেলমন্ত্রী ছিলাম তখন ভারত-বাংলাদেশ রেলওয়ে সার্ভিস করে দিয়েছি। বাস সার্ভিস পরিষেবা চালু করেছি।’
‘কেন্দ্রীয় সরকার বাংলার পানি বিক্রি করে দিচ্ছে। সিকিম যখন তিস্তা নদীর উপর ১৪ টা হাইড্রো পাওয়ার (জলবিদ্যুৎ) করেছে তখন তারা (কেন্দ্র সরকার) চোখে দেখেনি। আর এখন বলছে সব পানি দিয়ে দাও। কিন্তু দিতে তো আপত্তি নেই। আমার থাকলে তো দেব। আমি বন্ধুত্ব করতে চাই কিন্তু বাংলাকে বিক্রি করে দেওয়ার স্বার্থে নয়।’ – বলেন তিনি।