ঢাকা, ১০ কার্তিক (২৬ অক্টোবর): মোবাইল ফোন অপারেটর রবি, মেঘনা পেট্রোলিয়াম এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও নুভিস্তা ফার্মা তাদের গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৬ কোটি ৯৩ লাখ টাকা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দিয়েছে।
আজ সচিবালয়ে প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের কাছে ৬ কোটি ৯৩ লাখ ৪১ হাজার ২ শ’ ৪১ টাকার চেক হস্তান্তর করেন।
মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড ২ কোটি ৭৬ লাখ ৩৩ হাজার ৩৮০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড ২ কোটি ১৬ লাখ ১৪ হাজার ১৩৭ টাকা, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং নোভিস্তা ফার্মা যথাক্রমে ১ কোটি ৯৫ লাখ ৫১ হাজার ৮ শত ২৬ টাকা এবং ৫ লাখ ৪১ হাজার ৮৯৮ টাকার চেক হস্তান্তর করেন।
বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোনো কোম্পানির লাভের এক দশমাংশ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা দেওয়ার বিধান রয়েছে। এ পর্যন্ত ২১৭ টি দেশি-বিদেশি এবং বহুজাতিক কোম্পানি ৬০০ কোটি টাকা এ তহবিলে জমা দিয়েছে। এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমিকদের মৃত্যুজনিত, দুরারোগ্য রোগের চিকিৎসা এবং তাদের সন্তানদের উচ্চশিক্ষায় সহায়তা প্রদান করা হয়।
চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক বেগম জেবুন্নেছা করিম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মোঃ নাসির উদ্দিন আহমেদ, মোবাইল ফোন অপারেটর রবির চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মোহাম্মদ শাহেদুল আলম এবং পাবলিক অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট শরীফ শাহ জামাল রাজ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের পরিচালক (একাউন্টস) জামাল আহমেদ চৌধুরী, হেড অফ হিউম্যান রিসোর্স এম এ এরশাদ, সহকারী ম্যানেজার মোঃ আরিফ-উল-ইসলাম, পরিচালক ইন্ডাস্ট্রিয়াল অপারেশন খন্দকার মোঃ আল মামুন, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের হেড অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ সভাপতি সাদিকুর রহমান এবং হেড অ্যাসিস্ট্যান্ট ও সিবিএ সাধারণ সম্পাদক মোঃ হামিদুর রহমান উপস্থিত ছিলেন।





