যুক্তরাজ্যভিত্তিক ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অভিযোগ এনে যে প্রতিবেদন তৈরি করেছে তা ডাহা মিথ্যা ও ভুয়া, বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব তৈরির অপচেষ্টা মাত্র। বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর ছাত্রলীগের বর্ধিত সভায় যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, যুক্তরাজ্যের কিছু গণমাধ্যম মাঝে মধ্যেই বাংলাদেশ সম্পর্কে বানোয়াট খবর প্রচার করে থাকে, পরে তা মিথ্যা প্রমাণিত হয়। এবারও তারা সেটাই করেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ সরকার কোনো ধরনের ষড়যন্ত্রে বিশ্বাস করে না। কারো বিরুদ্ধে কোনো ধরনের ষড়যন্ত্র করার কথা চিন্তাও করে না। বর্তমান সরকার জনগণের উপর বিশ্বাস রাখে। জনগণ ভোট দিলে নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসবে।
মোমেন বলেন, যুক্তরাজ্যে কিছু দুষ্ট বাংলাদেশি আছে তারা সেখানে বসে বসে টাকা-পয়সা খরচ করে এসব করে থাকে। অনেক বড় বড় গণমাধ্যম বিক্রি হয়ে গেছে। যার প্রমাণ ফিলিস্তিনের সাধারণ মানুষের নির্যাতন নিয়ে তারা কথা বলে না।
তিনি বলেন, বাংলাদেশ বিএনপিও গাজা ইস্যুতে কথা বলে না ওই সব মিডিয়াও কথা বলে না। এসব ঘটনা থেকে তাদের মধ্যে আঁতাতের প্রমাণ মিলে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস বাংলাদেশ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে তারা বলছে- আসন্ন ডামি নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন বাংলাদেশে সরকার যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিরোধী দলগুলোর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া খবর, ভুয়া ভিডিওসহ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে।
এ খবরের ভিত্তিতে বাংলাদেশে নির্বাচনসংক্রান্ত ভুয়া খবরের (ডিপ ফেক নিউজ) বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর।