বিশেষ প্রতিবেদকঃ বন্যা দুর্গত শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি পুষিয়ে দিতে ছুটির দিনেও বিশেষ ক্লাসের উদ্যোগ নেয়া হয়েছে। সারাদেশে ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার করার পরিকল্পনা গ্রহণ এবং নির্দেশনা পাঠানো হয়েছে, পাশাপাশি তা মনিটরও করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
আজ সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা জানান তিনি।
দুই দফা আগাম বন্যায় ছাত্রছাত্রীদের পড়ালেখার ক্ষতি হলেও তা পূরণে অতিরিক্ত ক্লাস ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের প্রতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
নুরুল ইসলাম নাহিদ বলেন, জেএসসি পরীক্ষা ছাড়াও বন্যার কারণে অন্যান্য ক্লাসের পড়াশোনারও ক্ষতি হয়েছে। সেই ক্ষতিও কাটিয়ে উঠবেন আশাবাদ জানিয়ে তিনি বলেন, ‘পরীক্ষা যথাসময়ে হবে, ফলও যথা সময়ে প্রকাশিত হবে।’
এ ছাড়া আগামী বছর ১ জানুয়ারি থেকে সারা দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, বন্যায় দেশের যেসব শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব শিক্ষা প্রতিষ্ঠানের মেরামত ও সংস্কার করা হবে এবং প্রয়োজন নতুন করে তৈরি করে দেওয়া হবে।
দেশের মানুষ সুন্দরভাবে ঈদ পালন করতে পারায় খুশি হয়েছেন বলেও সাংবাদিকদের জানান নুরুল ইসলাম নাহিদ।