ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশে অনুষ্ঠিত হবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে। ২২ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
যুব বিশ্বকাপের সাফল্য পেতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ স্টুয়ার্ট ল`কে পরামর্শক হিসেবে গত এপ্রিলে নিয়োগ দিয়েছিল বিসিবি। ষোল সপ্তাহের জন্যে ল’কে নিয়োগ দিয়েছে বিসিবি। চার সপ্তাহ কাজ করে দেশে ফিরে গেলেও বিশ্বকাপের আগে আবার ঠিকই যোগ দিচ্ছেন ল।
আগামী ২ জানুয়ারি ঢাকায় পা রাখবেন স্টুয়ার্ট ল। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির জাতীয় গেম ডেভেলাপমেন্টের ম্যানেজার নাজমুল আবেদীন ফাহিম। সাংবাদিকদের তিনি বলেন,‘যুব দলের চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে ৩ জানুয়ারি থেকে। ২ জানুয়ারি স্টুয়ার্ট ল ঢাকায় এসে পৌঁছবেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ওয়ানডে ও বিশ্বকাপে দলের সঙ্গে থাকবেন তিনি।’
বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথম ম্যাচ ৮ জানুয়ারি।
বিশ্বকাপে বাংলাদেশ ‘এ’ গ্রুপে খেলবে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ নামিবিয়া, স্কটল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।