× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে জমি নিয়ে বিরোধে বিএনপি নেতার ঘরে হামলা ও লুট, আহত ৫

Kishori
হালনাগাদ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
জমি নিয়ে বিরোধে

ফরিদপুরের সালথায় জমির সীমানা নিয়ে বিরোধের জেরে বিএনপি নেতা মো. জাহিদুর রহমান চুন্নুর (৬৫) বসতবাড়িতে ব্যাপক হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা অন্তত চারটি বসতঘর ভেঙে ফেলে এবং ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় হামলা ঠেকাতে গেলে পরিবারের পাঁচজন আহত হন।

ঘটনাটি ঘটে বুধবার (২৭ আগস্ট ২০২৫) ভোরে উপজেলার বল্লভদী ইউনিয়নের সোনাতন্দী গ্রামের ভরপাড়া এলাকায়। জাহিদুর রহমান স্থানীয় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পল্লী চিকিৎসক হিসেবে পরিচিত। হামলাকারীরা প্রভাবশালী আউয়াল মুন্সীর অনুসারী বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত জাহিদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে তার সঙ্গে প্রতিবেশী মো. কাউসার কাজীর বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিক সালিশ ও মামলা রয়েছে। কাউসার প্রবাসে থাকলেও তার ভাই হাসান কাজী সম্প্রতি কাউকে না জানিয়ে বিরোধপূর্ণ জায়গার সীমানা নির্ধারণ করেন।

এরপর বুধবার সকালে হাসান কাজীর নেতৃত্বে শতাধিক লোক দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। তারা চারটি বসতঘর ভেঙে দেয় এবং ঘরে থাকা পাট, পেঁয়াজসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। হামলা ঠেকাতে গেলে তাদের ওপরও হামলা হয়।

এ ঘটনায় জাহিদুর রহমান ছাড়াও তার স্ত্রী জাহানারা বেগম (৬০), ছোট ভাই শাহিদুর রহমান মুন্নু (৬০), ভাতিজা বদিউর রহমান (২৫) ও ছোট ভাইয়ের স্ত্রী নিপা বেগম (৪৫) আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জাহিদুর রহমান অভিযোগ করে বলেন, “হাসান কাজীর বাবা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন। তারা প্রভাবশালী আউয়াল মুন্সীর সমর্থক। এজন্য ভয়ে কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না।”

হামলার পর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। স্থানীয়রা জানান, ঘটনার পর পুলিশের ভয়ে হাসান কাজী ও আউয়াল মুন্সী এলাকা ছেড়ে পালিয়ে গেছেন।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, “বাড়ির জমির সীমানা নিয়ে বিএনপি নেতা জাহিদুর রহমানের সঙ্গে প্রতিবেশী কাউসার কাজীর বিরোধ চলছিল। এর জের ধরে হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও কাউকে পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


এ ক্যটাগরির আরো খবর..