বাংলাদেশে সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
রোববার (২৩ নভেম্বর) সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল তোবগের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা কর্মরদন ও কুশল বিনিমিয় করেন।
এর আগে শনিবার (২২ নভেম্বর) সকালে দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। ড্রুকএয়ারের বিমানে সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে প্রধান উপদেষ্টা ড. ইউনূস তাকে স্বাগত জানান।
সফরের প্রথম দিনই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ নিয়ে এ দুই সমঝোতা স্মারক সই হয়।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, স্বাস্থ্যসংক্রান্ত সমঝোতায় সই করেন স্বাস্থ্য বিভাগের সচিব মো. সাইদুর রহমান। এ ছাড়া আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথড ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা বাণিজ্যসংক্রান্ত সমঝোতায় সই করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান।
প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সমঝোতা স্মারক সইয়ের আগে শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. ইউনূস একান্ত বৈঠক করেন। পরে আনুষ্ঠানিকভাবে দ্বিপক্ষীয় বৈঠক হয়।