ক্রীড়া ডেস্ক: অনেকটাই পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি ক্যাপিটাল ওয়ান কাপ নামে পরিচিত লিগ কাপের শিরোপা জেতার লড়াইয়ে। সেমিফাইনালের প্রথম লেগে এভারটনের কাছে ২-১ গোলে হেরে গেছে ম্যানুয়েল পেলেগ্রিনির দল।
আর ম্যানসিটিকে হারিয়ে ১৯৮৪ সালের পর আবার লিগ কাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছে এভারটন।
বুধবার রাতে এভারটনের মাঠ গুডিসন পার্কে ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে অবশ্য কোনো দলই গোল করতে পারেনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ডিফেন্ডার রামিরো ফুনেস মোরি গোল করে এগিয় দেন এভারটনকে।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে ম্যানসিটি। ৭৬ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার জেসুস নাভাস গঞ্জালেসের গোলে ১-১ সমতায়ও ফেরে অতিথিরা। কিন্তু দুই মিনিট পরেই ফের এভারটনকে এগিয়ে দেন বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু।
বাকি সময়ে আর কোনো গোল না পাওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানসিটিকে। এ ম্যাচে হারলেও আগামী ২৭ জানুয়ারি ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ফিরতি লেগে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে ২০১৪ সালের চ্যাম্পিয়নরা।