× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

মাহমুদ খান, সিলেট

পাথরখেকোদের তাণ্ডবে লন্ডভন্ড শাহ আরেফিন টিলা

Kishori
হালনাগাদ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
শাহ আরেফিন টিলা

পাথরখেকোদের অবিরাম তাণ্ডবে লন্ডভন্ড হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সিলেটের শাহ আরেফিন টিলা। প্রায় ৫০০ একরজুড়ে বিস্তৃত এই টিলায় এখন আর প্রকৃতির কোনো চিহ্ন নেই, শুধু দেখা মিলবে ক্ষতবিক্ষত ভূমি। তবুও থেমে নেই লুটপাট।
ধ্বংসস্তূপের বুকেই বসানো হয়েছে অবৈধ ‘বোমা মেশিন’ চলছে কোদাল-বেলচার খোঁচা। মাটি উলটে-পালটে প্রতিদিন লুট করা হচ্ছে বিপুল পরিমাণ পাথর। এতে রক্ষা পাচ্ছে না টিলার শেষ অংশটুকুও। এদিকে, পাথর লুটের ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে প্রায় সাড়ে পাঁচ শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে খনিজসম্পদ উন্নয়ন ব্যুরো ও কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এর আগে গত ১০ নভেম্বর জেলা প্রশাসক মো. সারওয়ার আলম শাহ আরেফিন টিলা পরিদর্শনে গিয়ে ধ্বংসযজ্ঞ দেখে বিস্মিত হন।
পরবর্তীতে পাথর লুট ঠেকাতে শাহ আরফিন টিলা ও পাড়ুয়া বাজারের প্রবেশ মুখে লোহার বেষ্টনী বসানো হয়। তবে সেটিও কোনো কাজে আসেনি। বিকল্প পথ ব্যবহার করে পাথর পাচার অব্যাহত রেখেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, টিলার বুকজুড়ে গর্ত আর গর্ত। বসানো হয়েছে অবৈধ ‘বোমা মেশিন’ (পাথর ভাঙার কল), কোথাও কোদাল-বেলচা দিয়ে মাটি খুঁড়ে তোলা হচ্ছে পাথর। ধ্বংসস্তূপের মধ্যেই কয়েকশ শ্রমিক একযোগে পাথর উত্তোলনে ব্যস্ত। উত্তোলিত এসব পাথর হাইব্রিড ট্র্যাক্টর ও ট্রলিতে করে নিয়ে যাওয়া হচ্ছে কোম্পানীগঞ্জ ও ভোলাগঞ্জ এলাকার বিভিন্ন স্টোন ক্রাশার মিলে। প্রশাসনের নজর এড়াতে মূল সড়ক ব্যবহার করা হচ্ছে না। শাহ আরেফিন টিলা থেকে পাথর বোঝাই ট্যাক্টর ও ট্রলি ফসলি জমির মাঝ দিয়ে ও বিভিন্ন ফাঁড়ি রাস্তা ব্যবহার করে ভোলাগঞ্জ এলাকায় প্রবেশ করছে। সেখানে ক্রাশার মেশিনে পাথর ভেঙে ট্রাকে করে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। সিলেট থেকে কোম্পানীগঞ্জ পর্যন্ত একাধিক পুলিশ চেকপোস্ট থাকলেও এসব পাথরবাহী যান নির্বিঘ্নেই গন্তব্যে পৌঁছে যাচ্ছে।
ভোলাগঞ্জ এলাকার পাথর ব্যবসায়ীদের তথ্যমতে, এক মাসেরও বেশি সময় ধরে ভারত থেকে কোনো পাথর আমদানি হচ্ছে না। তবুও এলাকার সবকটি স্টোন ক্রাশার মিল পুরোদমে চালু রয়েছে। সরেজমিনে ভোলাগঞ্জে অবস্থান করে দেখা গেছে, শাহ আরেফিন টিলা থেকে প্রতিদিন ট্রলি ট্রলি পাথর ঢুকছে এসব ক্রাশার মিলে। নারী-পুরুষ শ্রমিকরা এসব পাথর ভাঙছেন।
এদিকে পাথর লুটের ঘটনায় এক সপ্তাহের ব্যবধানে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গত ৬ জানুয়ারি খনিজসম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক (যুগ্মসচিব) মো. আনোয়ারুল হাবীব ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে ৩০ ডিসেম্বর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে। ওইদিনই এসআই মো. কামরুল আলম বাদী হয়ে ৪৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পাথর লুট প্রসঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, পাথর লুট ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার অভিযানে ৪০টি মেশিন ভাঙা হয়েছে। এর আগেও শাহ আরেফিন টিলায় একাধিক অভিযান চালানো হয়েছে।
পুলিশ সুপার কাজী আখতার উল আলম বলেন, শাহ আরেফিন টিলা থেকে যেন কোনোভাবেই পাথর লুট না হয়, সে জন্য পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান চলছে। গত কয়েক মাসে তিনটি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ৩২ জনকে। পাশাপাশি ৫৬টি বোমা মেশিন ও দুটি ট্যাক্টর ধ্বংস করা হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও পুরোপুরি পাথর লুট বন্ধ করা যাচ্ছে না। স্থানীয়দের সহযোগিতা ছাড়া এই লুট ঠেকানো কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
পাথর লুট ঠেকাতে ভবিষ্যতে নতুন কোনো কৌশলগত পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে সে বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু জানাননি।


এ ক্যটাগরির আরো খবর..