“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন ” এই স্লোগান কে সামনে রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নাটোর জেলা শাখা। আন্দোলন উপ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে তিনটায় নাটোর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশব্যাপী একযোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন মহিলা পরিষদ নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শ্যামা বসাক।
কর্মসূচিতে নাটোর জেলা শাখার নেত্রী কর্মী সংগঠক ও সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ সময় ধরে বাংলাদেশে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক সংস্কৃতি বজায় রাখার জন্য বহুমুখী ধারাবাহিকতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ মহিলা পরিষদসহ দেশের বিভিন্ন সচেতন প্রগতিশীল নাগরিকত্ব সমাজ, বিভিন্ন নারী মানবাধিকার ও উন্নয়ন সংগঠনসমূহের ধারাবাহিক প্রচেষ্টা সত্ত্বেও দুঃখজনক হলো প্রতি বছর দুর্গাপূজার সময়ে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষুন্ন করার মতো অপতৎপরতা লক্ষ্য করা যায়।
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সার্বজনীন উৎসবে পরিনত করতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দের উপস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানান। মানববন্ধনের মূল উদ্দেশ্য সকলকে সচেতন করা।
আসন্ন দুর্গাপূজাকে উৎসবমুখর পরিবেশে উৎযাপনে নিঃচ্ছিদ্র নিরাপত্তা বিধানের জন্য সরকার ও প্রশাসনকে পদক্ষেপ জন্য দাবী জানানো হয়। সভাপতি শ্যামা বসাক বলেন, দেশের সকল নাগরিক, মানবতাবোধ সম্পন্ন
মানুষের সহায়তায় ধর্ম, বর্ন, গোত্র, শ্রেণি নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সমুন্নত রাখতে সাম্প্রদায়িকতার বন্ধন জোরদার করার আহবান জানান। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব এলেই নাটোরসহ দেশের বিভিন্ন এলাকায় মুর্তি ভাংচুর ও অপ্রীতিকর ঘটনা ঘটতে দেখা যায়। এছাড়াও অন্যান্য সম্প্রদায়ের বেলাও কখনও কখনও অনাকাঙ্খিত ঘটনাও ঘটে।
বাংলাদেশ মহিলা পরিষদ সবসময় এধরনের অপতৎপরতার বিরুদ্ধে অবস্থান করে আসছে। মহিলা পরিষদ সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও জোরদার করার লক্ষ্যে সকলের মধ্যে সচেতনতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে চায়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন, মহিলা পরিষদ নাটোর জেলা শাখার সহ সভানেত্রী মায়া পাল, সাধারণ সম্পাদক সীমা ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাকসুদা পারভীন, লিগ্যাল এইড সম্পাদক বিজলী রেজা, সদস্য প্রভাতী বসাক, পরিবেশ সম্পাদক তসলিমা খান বেবি, প্রোগ্রাম এক্সিকিউটিভ ছন্দা সাহা চৌধুরী। মানববন্ধন কর্মসূচির সার্বিক দায়িত্বে ছিলেন, মহিলা পরিষদ নাটোর জেলা শাখার আন্দোলন বিষয়ক সম্পাদক নাসিম-ই গুলশান।
এ ক্যটাগরির আরো খবর..