স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। তাই উন্নত বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের গুরু দায়িত্ব নিয়ে নতুন সরকার কাজ করবে।
আজ রাজধানীর হেয়ার রোডস্থ সরকারি বাসভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হওয়া উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও অধীনস্ত দপ্তর-সংস্থাসমূহের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যে স্বপ্নের বাংলাদেশ উপহার দিতে চেয়েছিলেন, তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত দশ বছরে দেশ পরিচালনার মাধ্যমে সে স্বপ্ন বাস্তবে পরিণত করার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছেন। বিগত দশ বছরে দেশে শিক্ষা, চিকিৎসা ও অবকাঠামোগত উন্নয়নে যে বিপ্লব সূচিত হয়েছে সে ধারাবহিকতায় ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি সুখী ও সমৃদ্ধ দেশ।
মন্ত্রী এ সময় কর্মকর্তাদের দেশের জনগণের স্বার্থ মাথায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সকলে মিলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গঠনে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোঃ কামাল উদ্দিন তালুকদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রৌনক জাহান এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহারসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দপ্তর-সংস্থাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।


