তদন্তে অভিযোগের সত্যতা মিললে মিষ্টির বিরুদ্ধে চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

তদন্তে অভিযোগের সত্যতা মিললে মিষ্টির বিরুদ্ধে চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী
তদন্তে অভিযোগের সত্যতা মিললে মিষ্টির বিরুদ্ধে চার্জশিট: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী বলেন, তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে চার্জশিট দেওয়া হবে এবং এরপর বিষয়টি আদালতের এখতিয়ারে যাবে। দলীয় ব্যবস্থা ও আইনি ব্যবস্থা আলাদা বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার অপরাধকে অপরাধ হিসেবেই দেখছে। কোনো অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়া হয়নি—এমন কোনো ঘটনা থাকলে তা তুলে ধরার আহ্বান জানান তিনি। অপরাধ নিয়ন্ত্রণে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।

এদিকে ৪৯তম বিসিএসের (বিশেষ) শিক্ষা ক্যাডারে নিয়োগের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, চূড়ান্ত তালিকায় থাকা ৬৬৮ জনের মধ্যে সার্টিফিকেট জমা না দেওয়া, মেডিকেলে অনুপযুক্ত হওয়া ও নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার কারণে বাদ পড়াদের বাইরে ৬১১ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়েছে।

তিনি বলেন, এটিই শেষ প্রজ্ঞাপন নয়। আগামী সোমবার আরও ৪৬ জনের নিয়োগের প্রজ্ঞাপন জারির দিন নির্ধারিত রয়েছে।

রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে নিয়োগ থেকে বঞ্চিত করা হবে না বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, প্রার্থীদের ভেরিফিকেশন একটি নিয়মিত প্রক্রিয়া। তবে গুরুতর অপরাধের কারণে কারও নাম প্রজ্ঞাপনে না থাকলে সংশ্লিষ্ট ব্যক্তি আবেদনের সুযোগ পাবেন।

৪৯তম বিসিএসের নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে বলেও সতর্ক করেন সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে সবাইকে কোনো ধরনের উসকানিতে না জড়ানোর আহ্বান জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।