দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভৌগোলিক অবস্থানগত দিক থেকে বাংলাদেশ একটি দুর্যোগকবলিত দেশ। নানা ধরনের দুর্যোগে প্রায়ই আক্রান্ত হয়ে থাকে দেশটি। দুর্যোগের ধকল থেকে পরিত্রাণ পেতে শক্তিশালী ও দক্ষ ব্যবস্থাপনার বিকল্প নেই। আর এই ব্যবস্থাপনা টিম গড়ে উঠে প্রয়োজনীয় ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে। এজন্য মানসম্পন্ন প্রশিক্ষণ ইনস্টিটিউট অত্যাবশ্যক।
আজ গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন নির্মানের স্থান পরিদর্শনে এলে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলো প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ুর পরিবর্তনজনিত একই ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে থাকে। এ ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার দেশগুলোরও উপযোগী হয়ে উঠবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।