মোশাররাফ সাতক্ষীরা প্রতিসীধি ::সাতক্ষীরায় দুর্বৃত্তের গুলিতে রাসেল কবির (৩০) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাসেল কবির সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের কুচপুকুর গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি আগরদাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। ২০১৩ সালে সন্ত্রাসীদের গুলিতে তার বাবা সিরাজুল ইসলাম নিহত হন।
নিহতের চাচা নজরুল ইসলাম জানান, তার ছোট ভাই সিরাজুলকে ২০১৩ সালের যুদ্ধাপরাধী কাদের মোল্যার ফাঁসির রাতে নিজ বাড়িতে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এরপর থেকে সিরাজুলের ছেলে রাসেল কবির সাতক্ষীরা শহরের রাজারবাগান সরকারি কলেজের পাশ্ববর্তী এলাকায় একটি ভাড়া বাড়িতে বসবাস করতো।
রাতে শহর থেকে বাড়ি ফেরার পথে সাড়ে ৯টার দিকে রাজারবাগান এলাকায় সরকারি কলেজের উত্তর পাশে বুশরা ছাত্রাবাসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে আসা অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রাসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেসদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল হক রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ হোসেন মোল্যা সাতক্ষীরা নিউজকে বলেন, ‘কী কারনে দুর্বৃত্তরা রাসেলকে গুলি করে হত্যা করা হয়েছে তা এখনও জানা যায়নি।
প্রসঙ্গত, গত ২৫ মার্চ রাতে দুর্বৃত্তরা কুচপুকুর গ্রামে রাসেলের বাড়িতে গুলি বর্ষণ ও বোমা হামলা চালায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।