বিশেষ প্রতিবেদকঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ষোড়শ সংশোধনী বাতিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আওয়ামী লীগ তেলে-বেগুনে জ্বলছে। তারা এমন সব মন্তব্য করেছে, যে মন্তব্য শুধু অশালীনই নয়, তা আদালত অবমাননার শামিল।
শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার সরকারের একজন মন্ত্রী যিনি নিজে হাইকোর্ট দ্বারা সাজাপ্রাপ্ত, তাঁর মন্ত্রিত্ব থাকা উচিত নয়, তিনি আবার প্রধান বিচারপতির পদত্যাগ দাবি করেছেন। খুব চিৎকার করে কথা বলছেন। আগে নিজের মুখের দিকে তাকানো উচিত। নিজেদের চেহারা আয়নাতে দেখা উচিত। তারা কোথায় নিয়ে গেছেন রাষ্ট্রকে, কোথায় নিয়ে গেছেন দেশকে।
তিনি বলেন, সত্য কথা বেরিয়ে এসেছে আপিল বিভাগের রায়ের মধ্য দিয়ে। যে একটা দানবীয় সরকারের পরিণত হয়েছেন আপনারা, দানবের মতো সবকিছুকে ধ্বংস করে দিচ্ছেন, গণতন্ত্র ধ্বংস করছেন, প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছেন, মানুষের মূল্যবোধকে ধ্বংস করে দিচ্ছেন।
ফখরুল আরো বলেন, জনগণকে ভুল বুঝিয়ে আবারো পেছনে দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে। সরকার মনে করেছে আবারো ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একটি একতরফা একদলীয় নির্বাচন করে ক্ষমতায় আসবে।
দোয়া মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।