ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশব্যাপী চলমান বিশেষ জাতীয় অভিযানের অংশ হিসেবে জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
বিমান বাহিনী প্রধানের দিকনির্দেশনায় ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন ঘাঁটি, স্টেশন ও ইউনিটে আজ শনিবার র্যালি, সচেতনতামূলক ব্রিফিং, পরিচ্ছন্নতা অভিযান এবং ফগিং কার্যক্রম পরিচালনা করা হয়।
শনিবার (১৪ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রধানমন্ত্রীর উদাত্ত আহ্বানে সাড়া দিয়ে দেশব্যাপী ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে যে বিশেষ জাতীয় অভিযান শুরু হয়েছে, তার সঙ্গে সংহতি প্রকাশ করে বিমান বাহিনীর বিভিন্ন স্থাপনা ও তৎসংলগ্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় বিমান বাহিনীর ঢাকা, চট্টগ্রাম, যশোর, কক্সবাজার ও টাঙ্গাইলে অবস্থিত ঘাঁটিসমূহের এয়ার অধিনায়ক এবং মৌলভীবাজার, শমশেরনগর ও বগুড়ার ইউনিট অধিনায়কদের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা অপসারণ এবং পানি জমে থাকার সম্ভাব্য স্থানগুলো পরিষ্কার করে মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।
আইএসপিআর আরও জানায়, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে। এসব কর্মসূচিতে সংশ্লিষ্ট ঘাঁটি ও ইউনিটের এয়ার অধিনায়ক এবং অধিনায়করাসহ সব পদবির সদস্যরা সক্রিয়ভাবে অংশ নেন।