নিজস্ব প্রতিবেদক, ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আর বাংলাদেশের এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সমানতালে পুলিশও তার দক্ষতার সাথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর রাজারবাগের পুলিশ লাইনে ডিএমপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার পরে যে পুলিশের আহ্বান করেছিলেন, ধীরে ধীরে সেই পুলিশে রূপান্তরিত হচ্ছে আমাদের এই বাহিনী। আজকে পুলিশ-জনতার পুলিশ হয়েছে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ঢাকা হল সারা বাংলাদেশের প্রতিচ্ছবি। ঢাকা শহর নিয়ন্ত্রণ করতে পারলেই সারা বাংলাদেশে নিয়ন্ত্রণ করা যায়। সেজন্যই আমাদের আলাদা নজর থাকে ঢাকা কেন্দ্রিক। সেজন্যই ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন ইউনিট উন্নত করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের সবগুলো ইউনিট সুন্দরভাবে কাজ করছে বলে, আমাদের যে ধরনের পুলিশ প্রত্যাশা ছিল, সেই ধরনের সক্ষমতায় পুলিশ গিয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা দিয়ে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এর ধারাবাহিকতা ধরে রাখতে হলে নিরপত্তার বিকল্প কিছু নেই। শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যই পুলিশকে আমরা সেভাবে তৈরি করছি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার সাথে সাথে অভ্যন্তরীণ নিরাপত্তা শান্তি-শৃঙ্খলাও ধরে রাখতে হবে। শান্তি-শৃঙ্খলা ধরে রাখতে হলে আমাদের সাসটেইনেবল সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। সেটাও পুলিশ দেখছে।
মন্ত্রী আরো বলেন, আমাদেরকে জঙ্গিরাষ্ট্র বানানোর জন্য সব ধরনের ষড়যন্ত্র চলছিল। সেই ষড়যন্ত্র মোকাবেলা করে জঙ্গী ও সন্ত্রাস দমনে আমরা সক্ষম হয়েছি। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এখন আর কেউ লাভবান হতে পারবে না।





