ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা কারাগারে দু’হাজতির মধ্যে মারামারিতে রেজাউল করিম নামের এক হাজতি নিহত হওয়ার ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে জেল সুপার গোলাম হোসেন বাদী হয়ে হাজতী শহিদুলকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় মামলাটি দায়ের করেন।
ঝিনাইদহ কারাগারের জেল সুপার গোলাম হোসেন জানান, খাবার বিতরণকে কেন্দ্র করে গত ৫ সেপ্টেম্বর সকালে হত্যা মামলায় আটক হাজতি রেজাউল ও নারী নির্যাতন মামলায় আটক শহিদুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে রেজাউল আহত হলে তাকে তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে চিকিকৎসাধীন অবস্থায় ৩দিন পর বৃহস্পতিবার বিকেলে রেজাউল মারা যায়।
নিহত রেজাউল শৈলকুপা উপজেলার মৌকুড়ী গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে। সে ১৯৯৯ সালে শৈলকুপায় একটি হত্যা মামলায় আটক হয়ে জেল হাজতে হাজতী হিসাবে ছিল।
মামলার বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলাটি তদন্ত স্বাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।