মোঃ সেতাউর রহমানঃঠাকুরগাও জেলার এক নিভৃত পল্লীর শষ্য শ্যামল সুজলা সুফলা সবুজে ঘেরা এক গ্রাম জামালপুর। জেলা শহর থেকে ১৫ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে অবস্থিত। ইতিহাসের স্মৃতি বিজড়িত একটি গ্রাম।
যেখানে সন্ধ্যা নামলেই ঝিঝি পোকার ডাক, জ্বলে চলে জোনাকি পোকার দল, গভীর রাত হলে শিয়ালের হুক্কা হুক্কা ডাক, সূর্য উঠার আগে মসিজিদে আযানের সময় গাছে গাছে পাখির কন্ঠে গান শোনা যায় আজো দেখা মিলে নানা জীব জন্তু পাখির।
গ্রামটি প্রায় ৩ শত বছরের পুরনো ইতিহাস বহন করে আসছে। যা দেশ বিদেশের সাধারণ মানুষ, বিভিন্ন পেশাজীবিসহ পর্যটকদের নজর কেড়েছে।
ইতিহাস অমোঘ নিয়মে কালের প্রবাহমান ধারার চলমান বিশ্ব অতীতের বুকে বিলীন হয়ে যায়। এভাবে বিলীন হওয়া বা হারিয়ে যাওয়া বিগত দিনের স্মৃতি ও তথ্যাবলী সংগ্রহ করতে অনুসন্ধিৎসু গবেষকরা পরিশ্রম অধ্যাবসায় ও দৃঢ সংকলন নিয়ে ইতিহাস রচনা করতে প্রবৃদ্ধ হন।
ভাগ্যক্রমে বাংলা একাডেমী ও বৃহত্তর দিনাজপুরের সাহিত্য সংগ্রাহক বিশিষ্ট কথাশিল্পী অধ্যক্ষ মোঃ তাজুল ইসলামের সাথে দেখা মিলে। ক¤িপউটারের ফাইল খুললে কোন বিষয় সম্পর্কে তথ্যাবলী ঝকঝক করে দেখা মিলে ঠিক তেমনি বিরামহীনভাবে তিনি রাণীশংকৈল ঠাকুরগাও এমনকি বৃহত্তর দিনাজপুরের ইতিহাস অনায়াসে বলতে থাকলেন।
তাতে পেলাম নিসন্দেহে ইতিহাস বিশ্রুত জনপদ জামালপুর এ্যাস্টেটের জমিদার বাড়ি, জমিদারের নির্মিত মসজিদসহ ৩ শত বছরের ইতিহাস।
এর বুকে অনেক ঐতিহাসিক ঘটনা সুপ্ত ও লুপ্ত হয়ে রয়েছে। রাজা বাদশা জমিদারেদের শাষন শোষনের ইতিহাস আজ দুর অতীতের স্মৃতি। কিন্তু তাদের সুনাম দুর্নামের কাহিনী ও কিংবদন্তী এখনও জেগে আছে মানুষের মনে।
বহু জায়গায় ছড়িয়ে রয়েছে তাদের কীর্তির ধ্বংসাবশেষ। ঐতিহাসিক গ্রাম জামালপুর এর ব্যতিক্রম নয়। প্রায় ৩ শত বছরের পুরনো ইতিহাস স্বাক্ষী বহন করে আসছে এটি। ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে জামালপুরের মসজিদ ও বিশাল বহুতল কক্ষ।
প্রবেশদ্বার হারিয়ে যায়নি, কালের বিবর্তনে ক্ষতি হয়নি প্রকৃতির কারনে। যা কিছু ক্ষতিগ্রস্থ হচ্ছে তা মানুষের কারনে। আঃ হালিম চৌধুরী ১৭৮০ খ্রীষ্টাব্দে এ জমিদার বংশ প্রতিষ্ঠা করেন। তিনি একজন ধর্মভিরু মুসলমান ছিলেন। প্রাচীন জমিদার বাড়িটি চৌধুরী বংশের বিভিন্ন পুরুষের সময় উন্নয়ন ঘটে।
চৌধুরী ইমদাদুর রহমানের সময় সবচেয়ে বেশী উন্নয়ন হয়েছিল বলে প্রাপ্ত তথ্যে প্রতিয়মান হয়। তখন তাদের বার্ষিক আয় ৪ লক্ষ টাকার মতো ছিল। জমিদারী ষ্টেটটি ১০ একর জমির উপর বিশাল প্রাসাদ। প্রাসাদের বাইরে মসজিদটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। এলাকার মুসল্লীরা ছাড়াও দুর দুরান্তের মানুষ ইবাদত বন্দেগীর জন্য ছুটে আসেন এখানে।
এখানকার সবুজ গালিচায় পরিবেষ্টিত নয়নাভিরাম পরিবেশ দেখে মুগ্ধ হন তারা। প্রাকৃতিক এক মনোমুগ্ধকর পরিবেশ যেন নামাযিদের মনকে আল্লাহ তা আলার ইবাদত বন্দেগীতে আরো মসগুল করে তোলে। মসজিদের পাশ জুড়ে স্কুল, দিঘী, দাতব্য চিকিৎসালয়, ক্লাব ও পাঠাগার ইউনিয়ন পরিষদ গড়ে তোলা হয় ১৭৯০ সালে।
জমিদারের উদ্যোগে একটি জুনিয়র স্কুল স্থাপন করা হয়। প্রতি বছর জমিদার ষ্টেটের অর্থায়নে ৫ জন মেধাবী ছাত্রকে বৃত্তি প্রদান করা হত। এটি বর্তমানে মাধ্যমিক স্কুলে রূপান্তরিত করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, হযরত মাওলানা সামসুজ্জোহা পীর সাহেব খানকা
শরিফের মাওলানা তমিউদ্দিন আহম্মেদ ঠাকুরগাও, আব্দুল গফুর, খুরশেদ আলি মাষ্টার, পিয়ারউদ্দিন মাষ্টার, আহম্মদ আলী মাষ্টার যদুয়ার সহ অনেক গুনীজন এই স্কুলের ছাত্র ছিলেন। আজ তাদের সুনাম জমিদার ষ্টেটের সাফল্য চিত্র বয়ে আনে।
জমিদার বাড়ির দোতলায় এক ভগ্ন ঘরে জাদুঘর গড়ে তোলা হয়েছে। সেখানে গেলে দেখা মিলে জমিদার পরিবারের ব্যবহার করা প্রাচীনকালের শাড়ি, লুঙ্গি, থালা, বাটি, কলস, হাড়ি পাতিল, থেকে শুরু করে মানব জীবনে যা দরকার সবকিছুর।
জমিদার বাড়ির প্রাচীরগুলো অনেকটায় দুর্বল হয়ে পড়েছে। বসবাসরত জমিদার বংশের লোকজন চেষ্টা করছেন অতীতের স্মৃতি ধরে রাখতে। অর্থ সংকট তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছে। শত শত বছরের প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে সরকারি বেসরকারি সাহায্য সহযোগিতা প্রয়োজন।
সকল স্তর থেকে এগিয়ে আসতে হবে পুরনো স্মৃতিটুকু ধরে রাখার জন্য বলে সুধিমহল সকলের প্রতি আহবান জানিয়েছেন।