আজ শোকাবহ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে সংঘটিত হয়েছিল ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। ৪২ বছর আগে এই দিনে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করেছিল চক্রান্তকারী কিছু সেনাসদস্য। ঘাতকেরা নারী এবং শিশুদেরও রেহাই দেয়নি।
আজ যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪২তম শাহাদতবার্ষিকী পালনের জন্য সরকারি ও বেসরকারিভাবে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি নিয়েছে। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
আজ সরকারি ছুটি। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং আলোচনা সভার আয়োজন করা হবে।
সে রাতে যাঁদের হত্যা করা হয়েছিল: বঙ্গবন্ধু ছাড়াও ১৫ আগস্ট রাতে তাঁর ধানমন্ডির বাড়িতে তাঁর সহধর্মিণী শেখ ফজিলাতুন্নেসা মুজিব, তিন ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজী জামাল, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, বঙ্গবন্ধুর ফোন পেয়ে তাঁর জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল, এসবির কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সেনাসদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয়।
বঙ্গবন্ধুর ভাগনে যুবলীগ নেতা শেখ ফজলুল হক মণির বাসায় হামলা চালিয়ে তাঁকে, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, বঙ্গবন্ধুর ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাতের বাসায় হামলা করে তাঁকে ও তাঁর কন্যা বেবী, পুত্র আরিফ সেরনিয়াবাত, নাতি সুকান্ত বাবু, সেরনিয়াবাতের বড় ভাইয়ের ছেলে সজীব সেরনিয়াবাত এবং এক আত্মীয় রেন্টু খানকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু ও তাঁর পরিবার এবং নিকটাত্মীয়সহ মোট ২৬ জনকে ওই রাতে হত্যা করা হয়। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা সে সময় তৎকালীন পশ্চিম জার্মানিতে অবস্থান করায় তাঁরা বেঁচে যান।
বঙ্গবন্ধুর ৪২ তম মৃত্যু বার্ষিকী ও জাতীয় শোক দিবসে শ্রদ্ধা নিবেদন করতে মঙ্গলবার (১৫ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সসকাল ১০টায় তিনি সেখানে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন। এ সময় প্রধানমন্ত্রীকে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দলও গার্ড অব অনার প্রদান করবেন বলে জানিয়েছে গোপালগঞ্জ জেলা প্রশাসন।
বেলা ১১ টায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ মসজিদে আয়োজিত মিলাদ ও বিশেষ দোয়া মাহফিলে তিনি অংশ নেবেন। জাতীয় শোক দিবসের এ কর্মসূচিতে মন্ত্রী পরিষদের সদস্যরা, সংসদ সদস্য, কেন্দ্রীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
শোক দিবসকে সামনে রেখে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে সৌন্দর্য বর্ধন, পরিস্কার পরিচ্ছন্ন ও ধোয়া-মোছার কাজ শেষ হয়েছে। জেলার বিভিন্ন সড়কে নির্মাণ করা হয়েছে কালো তোরণ। সড়কের পাশে কালো পতাকা দিয়ে শোকাবহ পরিবেশ সৃষ্টি করা হয়েছে। গোপালগঞ্জ টুঙ্গিপাড়াসহ বিভিন্ন স্থানে উড়ছে কালো পতাকা।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলার সর্বত্র নিরাপত্তা জেরাদার করা হয়েছে। টুঙ্গিপাড়ায় নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেখানে র্যাব পুলিশের পাশাপাশি নিরাপত্তা কর্মীরা কাজ করছেন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাঈদুর রহমান খান জানান, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাতে আসবেন। তার সঙ্গে রাষ্ট্র ও সরকারের গুরুত্বপূর্ন এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। তাদের সবার নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা বেস্টনি তৈরি করেছি। সবার প্রচেষ্টায় প্রধানমন্ত্রীর এ সফর সফল হবে।’