ঢাকা, ৫ আষাঢ় (১৯ জুন) : জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, জনগণের কাছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংযুক্ত দপ্তর ও সংস্থার মধ্যে ২০১৯-২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা বৃদ্ধি পায়। তাই জনপ্রশাসনকে আরো গতিশীল ও জবাবদিহিমূলক করতে এই চুক্তির ভূমিকা অপরিহার্য। তিনি আরো বলেন, দেশের নাগরিকরা যদি তাদের অধিকার সম্পর্কে সচেতন হয় তাহলে রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য সেবা সম্পর্কে অবগত থাকে। ফলে, প্রজাতন্ত্রের কর্মচারীদেরও দ্বায়িত্ব ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। তাই সকল পর্যায়ে সুশাসন ও জনসেবা নিশ্চিত করতে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।
এ সময় প্রতিমন্ত্রী বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি জনসেবা নিশ্চিত করতে প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর প্রধানসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।