পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছা উপজেলার সীমান্তবর্তী চান্নিরচক এলসি কলেজিয়েট স্কুলে নিম্নমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগকে কেন্দ্র করে পাল্টা-পাল্টি অভিযোাগ উঠেছে। স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবী করেছে। অপরদিকে নিয়োগ বঞ্চিত একটি পক্ষ এ নিয়োগকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তঞ্চকিপূর্ণ দাবী করেছে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে, গত ৪ সেপ্টেম্বর চান্নিরচক এলসি কলেজিয়েট স্কুলে অফিস সহাকারী কাম কম্পিউটার অপারেটর পদে ২২ জন আবেদনকারীর মধ্যে ১৬ জন নিয়োগ প্রত্যাশী প্রার্থীর মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত পরীক্ষায় চান্নিরচকের দিপংকর সানা সর্বোচ্চ নম্বর পেয়ে ১ম স্থানে উত্তীর্ণ হয়। এদিকে পরের দিন নিয়োগ পরীক্ষা অস্বচ্ছ ও তঞ্চকীপূর্ণ দাবী করে সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটির সদস্য বগুলার চক গ্রামের দিবাকর মন্ডল। তিনি সংবাদ সম্মেলনে উৎকোচ গ্রহণসহ নানবিধ অনিয়মের অভিযোগ করেন প্রতিষ্ঠানের গর্ভনিং বডির সভাপতি ও অধ্যক্ষ্যের বিরুদ্ধে। এ ব্যাপারে চান্নিরচক গ্রামের দিপংকর সানা বলেন-বৈধ সনদ নিয়ে পরীক্ষায় অংশ নিয়ে ১ম স্থানে উত্তীর্ণ হই। পারিবারিক শত্রুতার জের ধরে বঞ্চিতরা তার প্রতিপক্ষ হয়ে দাড়িয়েছে। এদিকে নিয়োগকে কেন্দ্র করে খোদ ম্যানেজিং কমিটির মধ্যে মতপার্থক্যের সৃষ্টি হওয়ায় বিনষ্ট হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘদিনের সুনাম।
জনৈক এক অভিভাবক সদস্য কোন এক প্রার্থীর সমর্থন করায় এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে কমিটির অনেকেই বলছেন। এ ব্যাপারে অধ্যক্ষ হরপ্রসাদ মন্ডল জানিয়েছেন, নিরপেক্ষ নিয়োগ বোর্ড গঠন এবং পরীক্ষার পুর্বে তাৎক্ষনিক প্রশ্নপত্র তৈরী করা হয়। এ ছাড়াও পরীক্ষায় নিয়োগ বোর্ডের ৫ সদস্য যথাক্রমে জেলা শিক্ষা অফিসার খন্দকার রুহুল আমিন, মাউশির প্রতিনিধি অজিত সরকার ও পরিচালনা পর্ষদের তরুন মন্ডলসহ সংশ্লিষ্টরা সবাই উপস্থিত ছিলেন। গর্ভনিং বডির সভাপতি প্রাক্তন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) রমেন্দ্র নাথ সরকার আনিত অভিযোগ অস্বীকার করে জানান-বিধি অনুযায়ী যাচাই-বাছাই থেকে শুরু করে পরীক্ষা পর্যন্ত নিয়ম মেনে সব কিছু করা হয়েছে। নিয়োগ বঞ্চিতরা ক্ষুব্ধ হয়ে বিভ্রান্তি ছড়িয়ে প্রতিষ্ঠানের ভাবমুর্তি নষ্ট ও স্বচ্ছ নিয়োগকে বিতর্কিত করার ব্যার্থ অপচেষ্টা চালাচ্ছে।