চলতি ২০২৪-২০২৫ অর্থবছরে সাময়িক হিসাবে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৯৭ শতাংশ। যা গত বছরের চেয়ে ০.২৫ এবং তার আগের অর্থ বছর থেকে ১.৮১ শতাংশ কম। জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)।
মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সাময়িক হিসাব অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩.৯৭ শতাংশে। তবে চূড়ান্ত হিসাব অনুযায়ী ২০২৩-২৪ অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির হার ছিল ৪.২২ শতাংশ।
বিবিএস আরও জানায়, সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে কৃষি খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ১.৭৯ শতাংশ। তবে ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৩০ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে কৃষি খাতের প্রবৃদ্ধির হার ১.৫১ শতাংশ পয়েন্ট কমেছে।
এছাড়া সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে শিল্প খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৩৪ শতাংশে। তবে ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ছিল ৩.৫১ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে শিল্প খাতের প্রবৃদ্ধির হার ০.৮৩ শতাংশ পয়েন্ট বেড়েছে।
আর সাময়িক হিসাব অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরে সেবা খাতের প্রাক্কলিত প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৪.৫১ শতাংশ। তবে ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবে সেবা খাতের প্রবৃদ্ধির হার ছিল ৫.০৯ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত হিসাবের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরের সাময়িক হিসাবে সেবা খাতের প্রবৃদ্ধির হার ০.৫৮ শতাংশ পয়েন্ট কমেছে।