মেসির কাছে ক্ষমা প্রার্থনা মমতার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে লিওনেল মেসির আগমন ঘিরে আয়োজিত অনুষ্ঠানে চরম অব্যবস্থাপনার ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে তিনি মেসি ও তার ভক্ত-সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে মমতা লেখেন, “সল্টলেক স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা হয়েছে, তাতে আমি গভীরভাবে মর্মাহত ও বিস্মিত।
“হাজার হাজার ক্রীড়াপ্রেমী ও সমর্থকের সঙ্গে আমিও আজ স্টেডিয়ামের দিকে যাচ্ছিলাম, তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য। এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি-সহ সমস্ত ক্রীড়াপ্রেমী ও তাঁর ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।”
ঘটনার তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি আশিম কুমার রায়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন মমতা।
‘গোট ইন্ডিয়া ট্যুর ২০২৫’-র অংশ হিসেবে ভারতে তিনদিনের জন্য এসেছেন মেসি। আজ ট্যুরের প্রথম দিনে সল্টলেক স্টেডিয়ামে যান আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি। তবে অতিরিক্ত ভিড়, দুর্বল ব্যবস্থাপনা ও নিরাপত্তাজনিত সমস্যার কারণে বিশৃঙ্খলায় রূপ নেয়।
এক পর্যায়ে গ্যালারি থেকে বোতল ও চেয়ার ছোড়া শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নিরাপত্তার স্বার্থে নির্ধারিত ল্যাপ অব অনার সংক্ষিপ্ত করে দ্রুত মাঠ ছাড়তে বাধ্য হন মেসি।
অনেক দর্শক ব্যানার ও আসন ভাঙচুর করেন। আবার অনেকে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তা ও রাজনীতিবিদদের উদ্দেশে দুয়ো দেন। পুরো ঘটনাটি ঘিরে নিরাপত্তা ও আয়োজনের ঘাটতি স্পষ্ট হয়ে ওঠে।
এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন সমর্থকেরা। এক মেসি-ভক্ত বলেন, ‘মেসির চারপাশে শুধু নেতা আর অভিনেতারাই ছিল। তাহলে আমাদের কেন ডাকা হলো? আমরা ১২ হাজার টাকার টিকিট কেটেছি, অথচ তার মুখটাই দেখতে পারিনি।’
কলকাতার পর হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লির একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে মেসির।