২০০৩ বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিতে মরিয়া রোহিত। আর বদলা পূরণ হলেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের ২০ বছরের পুরনো ক্ষততেও পড়বে স্বস্তির প্রলেপ। সেমিতে কিউইদের হারিয়ে ৪ বছর আগের হারের বদলা নেওয়া হয়েছে। এবার অজিদের হারিয়ে জ্বালা জুড়াতে চায় ভারত। তবে আজ ফাইনালে কোন কোন বিষয় ফ্যাক্টর হতে পারে, চলুন তা জেনে নেই।
২০১১-তে ভারত, ২০১৫-তে অস্ট্রেলিয়া ও ২০১৯-এ ইংল্যান্ড। গত তিনটি বিশ্বকাপের ফাইনালেই রান তাড়া করা দল ম্যাচ জিতেছে। যার অর্থ আজও নরেন্দ্র মোদির মাঠে আগে ব্যাট করে কোনো বড় স্কোরই নিরাপদ নয়। রাউন্ড রবিন লিগে এই মাঠে যে চারটি ম্যাচ হয়েছে, তার তিনটিই জিতেছে পরে ব্যাটিং করা দল। এমনকি দুটি আইপিএলের ফাইনালেও এই মাঠে ট্রফি নিয়ে গেছে পরে ব্যাটিং করা দল।
ভারত কি পারবে অস্ট্রেলিয়াকে হারিয়ে ক্রিকেটের বিশ্বমুকুট তৃতীয়বারের মতো নিজেদের কাছে রাখতে? পারবে কি ২০০৩ বিশ্বকাপের ফাইনালে হারের বদলা নিতে? রোহিতের উত্তর, ‘২০ বছর আগের কথা জানি না, আমরা তাকিয়ে শুধু কালকের (আজ) দিকে।’ অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও অতীতের গৌরবে গা-ভাসাতে রাজি নন। ‘অতীত অতীতই, আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। তাসমানপাড়ের ছেলেরা বুঝিয়ে দিতে চান ষষ্ঠবারের মতো ট্রফি জেতার জন্য তৈরি তারা।’
ভারত টানা ১০ ম্যাচ জিতে ঘরের মাঠে ফেভারিট হতেই পারে, অস্ট্রেলিয়াও বোধ হয় কম যায় না। তারাও তো টানা আট ম্যাচ জিতেছে। ‘ভারতের মতো আমরা ১০টি ম্যাচ জিততে পারিনি। শুরুতে আমরা দুটি ম্যাচ হেরেছি। এখন পর্যন্ত নিজেদের সেরাটাও দিতে পারিনি। হয়তো সেটা ফাইনালের জন্যই তুলে রেখেছে দলের সবাই।’
প্রচ্ছন্ন একটা হুমকিই কাল দিয়ে গেলেন প্যাট কামিন্স। ১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭, ২০১৫ সালের পর আবার তাদের সামনে বিশ্বকাপ জেতার সুযোগ। এ নিয়ে আটবারের মতো ফাইনালে নামতে যাচ্ছে তারা। অসিদের এই বড় মঞ্চের মানসিকতা নিয়ে অনেকের হিংসা হতে পারে। তবে তাদের নিজেদের বাড়তি কোনো আবেগ বোধ হয় নেই তাতে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মাঠ হাজির থাকবেন। শোনা যাচ্ছে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টোনি আলবেনিজকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। কিন্তু ক্যানবেরার অতিথি আসছেন না আজ। তবে মাঠে থাকছেন ভারতের অনেক ধনকুবের, বলিউডের অনেক তারকা। উদ্বোধনের দিন অনুষ্ঠান না থাকায় যে কথা শুনতে হচ্ছে, আজ ফাইনালের ইনিংস বিরতির মাঝে প্রীতিমের গান আর প্রায় পাঁচশ অ্যাক্রোবেটের উপস্থিতি, টসের আগে এয়ারশো দিয়ে সেই আক্ষেপ ঘোচাতে চায় ভারত। তবে সব আনন্দযজ্ঞ সম্পূর্ণ হবে যদি আজ রোহিতের হাতে বিশ্বকাপের ট্রফি ওঠে। কারণ, ক্রিকেটের চেয়েও যে বেশি কিছু চাইছে আজ আহমেদাবাদ।
আসরের সর্বোচ্চ রান বিরাট কোহলির। চারে নামা শ্রেয়াস আয়ারও দুর্দান্ত খেলছেন। তবে ব্যাট হাতে ভিত্তি গড়ে দিচ্ছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ক্রিজে থিতু হয়ে খেলতে পছন্দ করা ভারতীয় অধিনায়ক ব্যতিক্রমী ব্যাটিং করছেন। শুরুতেই ঝড় তুলে দলের মোমেন্টাম ঠিক করে দিচ্ছেন তিনি। যে ভিত্তির ওপর দাঁড়িয়ে সেঞ্চুরি করছেন বিরাট-শ্রেয়াস-রাহুলরা। সেমিফাইনালেও তিনি ২৯ বলে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন। রোহিতের মতো করেই আবার অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড ব্যাট চালাচ্ছেন।
নতুন বলের অন্যতম সেরা বোলার জশ হ্যাজেলউড। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার ২০০ রান তাড়া করতে নেমে ২ রানে ৩ উইকেট হারিয়েছিল ভারত। যার দুটিই নিয়েছিলেন হ্যাজেলউড। দক্ষিণ আফ্রিকাকেও সেমিফাইনালে নতুন বলে ধসিয়ে দেওয়ার কাজটা করেছিলেন স্টার্ক ও হ্যাজেলউড। ব্যাট হাতে রোহিত-গিল কিংবা ওয়ার্নার-হেড এবং বল হাতে বুমরাহ-সিরাজ ও স্টার্ক-হ্যাজেলউড; শুরুটা যাদের ভালো হবে, শিরোপার পথে অনেকটাই এগিয়ে যাবে তারা।