ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, ক্রয়ের ক্ষেত্রে সততা ও নৈতিকতা দুর্নীতি দূর করতে পারে। সরকারি প্রশাসনের কার্যক্রমকে গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার ক্ষেত্রে সরকারি ক্রয় ব্যবস্থাপনা বা পিপিআর-২০২৫ একটি প্রধান ভূমিকা পালন করে। সরকারি ক্রয় ব্যবস্থাপনা শুধু একটি প্রশাসনিক কাজ নয়; এটি সুশাসন, স্বচ্ছতা ও জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। আমরা যদি নিয়ম-নীতি মেনে, প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে ক্রয় কার্যক্রম সম্পাদন করতে পারি, তাহলে উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত, মানসম্মত ও টেকসইভাবে বাস্তবায়ন সম্ভব হবে।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘সরকারি ক্রয় ব্যবস্থাপনা (পিপিআর-২০২৫)’ শীর্ষক লানিং সেশনে মুখ্য আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সাবেক সচিব ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী চেয়ারম্যান মো: ফারুক হোসেন।
সিনিয়র সচিব বলেন, সরকার ই-জিপি চালু করে সরকারি ক্রয়ে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে। দরপত্র আহ্বান থেকে শুরু করে মূল্যায়ন ও চুক্তি সম্পাদন পর্যন্ত সব কিছুই অনলাইন প্ল্যাটফর্মে হচ্ছে। এর ফলে সময়, ব্যয় এবং অনিয়ম সবকিছুই উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তিনি বলেন, নীতিগত দুর্বলতা থাকলে কোনো সিস্টেমই শতভাগ কার্যকর হতে পারে না। স্বচ্ছতা একটি মূল্যবোধ। আমরা যদি এই মূল্যবোধে বিশ্বাসী হই, তবে সরকারি ক্রয়ে দক্ষতা, সাশ্রয় ও বিশ্বাস অর্জন সম্ভব হবে। সরকারি ক্রয় প্রক্রিয়ার প্রতিটি ধাপে আইন, নীতি, পেশাগত মানদণ্ড ও সামাজিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল থাকা অপরিহার্য।
লানিং সেশনে উপস্থিত ছিলেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এজেএম সালাউদ্দীন নাগরি, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো: সাইদুর রহমানসহ মন্ত্রণালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।