কোটা সংস্কারে নীতিগতভাবে ঐকমত্য পোষণ করি। যেকোনো সময় এ নিয়ে কোটা আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদের ট্যানেলে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বলেছেন যে, আগামী ৭ আগস্ট মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়। আমি অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, যেন আগামী রোববার (২১ জুলাই) আদালতে মামলাটির শুনানির তারিখ এগিয়ে আনেন।
আনিসুল হক আরও বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে বসব। তারা যখনই আলোচনায় বসতে চায়, সেটা যদি আজকে হয়, আজই আমরা বসতে রাজি আছি।