পোল্যান্ড ও হাঙ্গেরি স্থানীয় কৃষকদের রক্ষায় ইউক্রেন থেকে শস্য ও অনান্য খাদ্য আমদানি নিষিদ্ধ করেছে। এই দুই দেশের সরকার শনিবার বলেছে, অঞ্চলজুড়ে ব্যাপক সরবরাহের কারণে কৃষি পণ্যের দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ারশ ও বুদাপেস্ট উভয় পক্ষ থেকে বলা হয়েছে, ৩০ জুন পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে। প্রতিবেশীদের এমন আচরণের হতাশা ব্যক্ত করেছে ইউক্রেন। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, সদস্য রাষ্ট্রের এমন একতরফা সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয়। এদিকে এই ঘোষণার প্রেক্ষিতে ইউক্রেনের কৃষিনীতি বিষয়ক মন্ত্রণালয় তাদের ক্ষোভ প্রকাশ করেছে।
পোল্যান্ডে ক্ষমতাসীন দলের নেতা জারোস্লাও ক্যাজিনস্কি বলেছেন, সরকার পোল্যান্ডে বিভিন্ন ধরনের খাদ্য ও শস্য আমদানি নিষিদ্ধ করে একটি বিধির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, আমাদেরকে পোলিশ কৃষিকে রক্ষা করতে হবে। তা না হলে এটি পোল্যান্ডের কৃষি ক্ষেত্রে সংকট তৈরি করবে।
এক বিবৃতিতে ইউক্রেন সরকার জানায়, পোলিশ কৃষকরা একটি কঠিন পরিস্থিতিতে রয়েছে, তা আমরা বুঝতে পারছি। তবে এটা ভুলে গেলে চলবে না যে ইউক্রেনীয় কৃষকরাও এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে রয়েছে। ইউক্রেন জানায়, একতরফা কঠোর পদক্ষেপের মাধ্যমে সমস্যার সমাধান হবে না।
পোল্যান্ডের পর হাঙ্গেরিও ইউক্রেনের কৃষি পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির সরকার বলছে, ইউক্রেনীয় পণ্যের আমদানি শুল্ক বাতিলের বিষয়টি পুনর্বিবেচনাসহ ইউরোপীয় ইউনিয়ন পর্যায়ে প্রবিধানে পরিবর্তনের আশা করছে বুদাপেস্ট। হাঙ্গেরি সরকার বলেছে, তাদের আশা, ইউরোপীয় ইউনিয়ন পর্যায় থেকে বিধিতে পরিবর্তন আনা হবে। পাশাপাশি ইউক্রেনীয় পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক বাদ দেওয়ার বিষয়টিও পুনর্বিবেচনা করতে হবে। হাঙ্গেরির কৃষিমন্ত্রী ইস্তভান নাগিও একই ঘোষণা দিয়ে বলেছেন, তার দেশও ইউক্রেন থেকে কৃষিপণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। গত মাসে ইউরোপীয় কমিশনকে ইউরোপের ওই অঞ্চলের পাঁচটি দেশের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়। এতে বলা হয় শস্য, তেল, বীজ, ডিম, পোলট্রি ও চিনির মতো পণ্যগুলোর সরবরাহ ‘নজিরবিহীন’ মাত্রায় বেড়েছে। ইউক্রেনের কৃষিজাত পণ্য আমদানির ক্ষেত্রে এখন শুল্কের বিষয়টি বিবেচনা করা উচিত।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। ভূখণ্ডে আক্রমণের পাশাপাশি কৃষ্ণ সাগরের বেশ কিছু বন্দরে অবরোধ দেয় মস্কো। ফলে বিপুল পরিমাণ ইউক্রেনীয় শস্য ইউরোপের মধ্যাঞ্চলের দেশগুলোর বাইরে যেতে পারছে না। এতে এসব দেশে পণ্যের সরবরাহ অতিরিক্ত বেড়ে যাওয়ায় দাম কমে যেতে থাকে।