আসছে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রথম বর্ষপূর্তি। এই দিন ঘিরে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে এ কথা জানান উপদেষ্টা।
উপদেষ্টা বলেন, ৫ আগস্ট সামনে রেখে কোনো ধরনের নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে।
এ সময় ১১ দিনের অভিযান শুরু হয়েছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, এটা হচ্ছে ডিএমপির (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অভিযান। এ বিষয়ে ডিএমপির কাছে জিজ্ঞেস করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন।
বাংলাদেশের পাসপোর্ট ইস্যুতে বিভিন্ন দেশ থেকে ভিসা বাতিল ও অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অনঅ্যারাইভাল ভিসা বাতিল হচ্ছে না, যেসব দেশের সঙ্গে আমাদের অনঅ্যারাইভাল ভিসার চুক্তি আছে তাদের আমরা ভিসা দিচ্ছি। যাদের সঙ্গে আমাদের চুক্তি নেই তাদের তো আমরা ভিসা দেবো না।
মালয়েশিয়ায় যেসব বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন, তাদের কোনো আপডেট আপনাদের কাছে আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মালয়েশিয়ার একটা টিম এসেছিল। তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিল৷ এক্ষেত্রে বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন চুক্তি থাকে সেসব বিষয় নিয়ে তারা আলাপ করেছে।
রংপুরের গঙ্গাচড়ার ঘটনায় কী ব্যবস্থা নিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, যারা সেখানে গেছেন তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনবো।