সচ্চিদানন্দ দে সদয়,আশাশুনি,সাতক্ষীরা ঃ আশাশুনি আশাশুনিতে জমিজমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে সহোদর ভাই-বোনকে মারপিট করে ঘরবাড়ি ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। আহতদের হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বড়দল ইউনিয়নের বাইনতলা গ্রামে।
জানাগেছে, মৃত ফরমান সানার দু’পুত্র নুর ইসলাম সানা (৪৮) ও নুর মোহাম্মদ সানার (৫৫) মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। যা আদালত পর্যন্ত গড়ায়। নুর ইসলাম গত ৩ দিন ধরে তার ভিটা বাড়ীর জমিতে দুই কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ঘর তৈরী করে টিনের ছাউনি দিয়ে বসবাসের উপযোগি করে তোলেন। নির্মানের সময় কেউ তাদের বাঁধা দেয়নি বলে জানান স্থানীয় লেবার নুর আলী। মঙ্গলবার স্থানীয় মসজিদের ইমামকে ডেকে নিয়ে মিলাদ পড়িয়ে তারা নতুন ঘরে ওঠে। এ শুভ দিনে তিনি তার ৩ বোন সখিনা, ময়না ও ভানু বিবিকে দাওয়াত করে এনে রাতে খাওয়া-দাওয়া করে। সখিনার বাড়ী পার্শ্ববর্তী ফটিকখালী গ্রামে হওয়ায় তিনি বাড়ী চলে যান। নতুন ঘরে অপর দু’বোনের রাতে শোয়ার জায়গা করে নুরইসলাম পুরানো বাড়ীতে চলে যায়। রাত আড়াইটার দিকে নুরমোহাম্মাদ তার পুত্র লিটন (২৭), সাদ্দাম (২২), হারুন (২৯)সহ তার দলীয় ৪/৫ জনকে সাথে নিয়ে উক্ত নতুন ঘর ভাঙতে শুরু করে। এসময় ভেতরে ঘুমিয়ে থাকা ময়না খাতুন ও ভানু বিবি চিৎকার করলে পুরানো বাড়ী থেকে নুর ইসলাম ছুটে আসেন। নুরইসলাম ঘটনাস্থলে এলে তাকে সহ ময়না ও ভানু বিবিকে পিটিয়ে মারত্মকভাবে জখম করে নুরমোহাম্মদের লোকজন। ইট ছোড়াছুড়িতে সে নিজেও আহত হয়। প্রতিপক্ষরা এসময় ঘরের ইটের দেওয়াল মাটির সাথে মিশিয়ে দেয়। দেওয়ালের ইট, টিনের চাল, বাশ, খাট, খুঁটিসহ অন্যান্য মালামাল নিয়ে পাশের পুকুরে ফেলে দেয়। টিনগুলি চাল থেকে ছিঁড়ে নিজেদের বাড়ী রেখে দেয়। আহত নুর ইসলাম, ময়না খাতুন ও ভানু বিবিকে স্থানীয়রা আশাশুনি হাসপাতালে ভর্তি করে।
অপরদিকে নুরমোহাম্মদকে সাতক্ষীরায় চিকিৎসাধীন রাখা হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে নুরইসলাম বাদী হয়ে উল্লেখিত ভাই ও ভাইপোদের বিরুদ্ধে থানায় লিখিত এজাহার দাখিল করেছেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।





