দুদকের জনবলের দক্ষতা বাড়াতে, দুদকের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ সব সময়ে চলমান থাকবে। আন্তরিকতা ও সততার সাথে কাজ করার আহবান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের সচিব খোরশেদা ইয়াসমীন, এনডিসি।
বৃহস্পতিবার (২৯.০৫.২৫) সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় ইঞ্জিনিয়ারিং ষ্টাফ কলেজ বাংলাদেশ (ইএসসিবি) মেইন ক্যাম্পাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাদের সরকারি ক্রয় আইন ও বিধি বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
দুর্নীতি দমন কমিশনের কর্মরত তিরিশ জন কর্মকর্তাদের নিয়ে এই অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক এর মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ, দুদক উপ-পরিচালক সিলভিয়া ফেরদৌস সহ দুদক ও ইএসসিবি এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইএসসিবি এর ফ্যাকাল্টি ও প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড তাওহীদ হাসানের সঞ্চালনায় ও ইএসসিবি রেক্টর, সাবেক প্রধান প্রকৌশলী মোঃ আশরাফুল আলম এর সভাপতিত্বে সকালে বৈরী আবহাওয়ার মধ্যেই অনুষ্ঠানে শুরু হয়।
বিশেষ অতিথির বক্তব্যে দুদক মহাপরিচালক (প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি) আব্দুল্লাহ আল জাহিদ প্রশিক্ষনার্থীদের অত্যন্ত ফলপ্রসূ এই প্রশিক্ষণ সম্পন্ন করা জন্য ধন্যবাদ জানান। সভাপতির বক্তব্যে মোঃ আশরাফুল আলম প্রশিক্ষণের সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। দুদকের প্রশিক্ষণ ও গবেষণা ইউনিটের পরিচালক মোঃ আব্দুল আলীম তালুকদার ও প্রশিক্ষণ ও রেকর্ড এর উপ পরিচালক সিলভিয়া ফেরদৌসকে সবাই ধন্যবাদ জানান প্রশিক্ষণের এই সুন্দর আয়োজনে সহায়তা করার জন্য।
সারা দেশ থেকে আগত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তাগণ জানিয়েছেন, ইএসসিবিতে আয়োজিত এই প্রশিক্ষণ সকল কর্মকর্তাদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। কর্মকর্তাদের এই আইন জেনে তা বাস্তবায়ন করার কোন বিকল্প নেই। তিন ব্যাচে দুদকের নব্বই জন কর্মকর্তাদের সরকারি ক্রয় আইনের উপর এই বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান করা হয়। দুদক কর্মকর্তাদের কাজের ধরনের উপর নির্ভর করে এই প্রশিক্ষণটি ডিজাইন করতে প্রত্যক্ষভাবে সহায়তা করেছেন ইএসসিবি প্রকিউরমেন্ট ইউনিটের প্রধান ড তাওহীদ হাসান।