আনসার বাহিনীর মধ্যে সংঘটিত অপরাধের জন্য দুটি আদালত গঠনের বিধান রেখে আনসার ব্যাটালিয়ন আইন-২০২২ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার (২৮ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাহিনীর সদস্যরা অপরাধ করলে দুটি আদালত থাকবে- একটি সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ান আদালত, আরেকটি বিশেষ আনসার ব্যাটালিয়ান আদালত। সাধারণ অপরাধের বিচার হবে সংক্ষিপ্ত আনসার ব্যাটালিয়ান আদালতে। এসব অপরাধের জন্য সর্বোচ্চ ৩ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। আর শৃঙ্খলা সংক্রান্ত অপরাধ বা বিদ্রোহের বিচার হবে বিশেষ আনসার আদালতে। এ আদালত সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড, যাবজ্জীবন বা ন্যূনতম ৫ বছরের জেল দিতে পারবে।
এই দুই আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য একটি আপিল ট্রাইব্যুনালও থাকবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
এ ক্যটাগরির আরো খবর..