মাদারীপুর-৩ আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমকে আদালতে তলব করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১টায় মাদারীপুর-০৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) বিচারক মো. শরিফুল হক স্ব-শরীরে অভিযোগকারী ও অভিযুক্ত দুইজনকেই হাজির হয়ে প্রার্থীকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার ও কালকিনি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ।
অভিযোগের পর অভিযুক্ত স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগমকে ও ড. অবদুস সোবহান মিয়া গোলাপকে আগামীকাল মঙ্গলবার নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) বিচারক মো. শরিফুল হক স্ব-শরীরে হাজির হয়ে প্রার্থীকে কারণ দর্শাতে নির্দেশ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোসা. তাহমিনা বেগম গত ২৯ নভেম্বর গাড়ি বহরসহ বহিরাগত ও তার অনুসারিদের নিয়ে প্রভাব খাটিয়ে ব্যান্ড পার্টি, ঢোল বাদ্য যন্ত্র, বাঁশি বাজিয়ে ও খিচুরী ভোজন পরিবেশন করে মনোনয়নপত্র জমা দিতে যান। পরে তিনি ঐদিন জমা না দিয়ে চলে আসেন। পরের দিন ৩০ নভেম্বর সকালে মনোনয়নপত্র দাখিল করেন। যা নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের সামিল।
মাদারীপুর-৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হকের পেশকার মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুইজনকেই নোটিশ করা হয়েছে। অভিযুক্ত ও অভিযোগকারীকে মঙ্গলবার বেলা ১১টার সময় স্ব-শরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, এর আগে আওয়ামীলীগের নৌকার মনোনীত প্রার্থী, মাদারীপুর-৩ আসনের বর্তমান এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে মাদারীপুর জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. মারুফুর রশিদ খানের কাছে লিখিত অভিযোগ দেন একই আসনের স্বতন্ত্র প্রার্থী ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা বেগম এবং আরেক স্বতন্ত্র প্রার্থী কালকিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন। পরে রিটার্নিং কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য নির্বাচনী অনুসন্ধান কমিটিকে নির্দেশনা দেন। এরপর নৌকার প্রার্থীকে স্ব-শরীরের উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়।
গত রবিবার বেলা ১১টায় মাদারীপুর-০৩ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মো. শরিফুল হকের কার্যালয়ে হাজির হয়ে অভিযুক্ত ও অভিযোগকারী তিনজন ব্যাখ্যা দেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর দুপুরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক, মাদারীপুর-০৩ আসনের সংসদ সদস্য এবং এই আসনের নৌকার প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র দাখিল করেন। এর কিছু সময় আগে মোটরসাইকেল, পিকআপ, প্রাইভেটকার ও মাইক্রোবাসে দলীয় হাজার হাজার নেতাকর্মী নিয়ে নিয়ে উপজেলা চত্ত্বরে শোডাউন দেন।





