স্টাফ রিপোর্টার: তারেক রহমানের রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দেশের অর্থ পাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে। আর এ ধরনের ঘটনা অর্থ পাচারসংক্রান্ত অপরাধের পর্যায়ে পড়ে। আর এ ধরনের অপরাধ বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানকে সাজা দেওয়ার রায়ে এ পর্যবেক্ষণ দেন।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ‘রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে অর্থ পাচারের যে ঘটনা তার অন্যতম উদাহরণ হচ্ছে এই মামলাটি। তাই সরকারকে নতুন করে এই ধরনের অর্থ পাচারের ঘটনা রোধে চিন্তা, ভাবনা ও পদক্ষেপ নিতে হবে।
হাইকোর্টের রায়ে অর্থ পাচার নিয়ে বলা হয়, এটা ফাইনান্সিয়াল ক্রাইম। দুর্নীতির উদ্দেশ্যে রাজনৈতিক হস্তক্ষেপে এ ধরনের অর্থ পাচার টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়নের পথে বাধা।’
প্রসঙ্গত, অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায় বাতিল করে ৭ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখা হয়েছে। তবে তাকে নিম্ন আদালতের দেওয়া ৪০ কোটি টাকা অর্থদণ্ড কমিয়ে ২০ কোটি টাকা করা হয়েছে।