টেকসই, জলবায়ু-সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক অবকাঠামো গড়ে তুলতে বিশ্বজুড়ে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগ আরও জোরদার করার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হওয়া ‘গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার কো-অপারেশন কনফারেন্স (জিআইসিসি) ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে মূল বক্তা হিসেবে তিনি এ আহ্বান জানান।
সম্মেলনে শেখ রবিউল আলম বলেন, “অবকাঠামোগত অগ্রগতি কেবল নির্মাণের ওপর নির্ভর করে না; এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশ্বমানের যোগাযোগ ও জীবনযাত্রার মানোন্নয়নের মূল চালিকাশক্তি। এ খাতে কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করতে বিপুল অর্থায়নের পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি, জ্ঞান এবং কারিগরি দক্ষতার সমন্বয় অত্যন্ত জরুরি।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের উল্লেখ করে সড়কমন্ত্রী আরও বলেন, “বাংলাদেশ একটি আধুনিক, দক্ষ, নিম্ন-কার্বন নিঃসরণকারী ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য অর্জনে জিটুজি (সরকার-টু-সরকার), সরাসরি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই), সহজ শর্তের ঋণ এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে রূপান্তরমূলক প্রকল্প বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব চেয়েছে বাংলাদেশ।”
দক্ষিণ কোরিয়ার ভূমি, অবকাঠামো ও পরিবহন মন্ত্রণালয় (মলিট) আয়োজিত এবং ইন্টারন্যাশনাল কনট্রাক্টরস অ্যাসোসিয়েশন অব কোরিয়া (আইসিএকে) পরিচালিত তিন দিনব্যাপী এ সম্মেলনের এবারের প্রতিপাদ্য ‘কো-অপারেশন অন গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টস ওপেনড বাই এআই’।
বিশ্বের বিভিন্ন দেশের মন্ত্রী, উর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী ও আন্তর্জাতিক প্রকৌশল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা শীর্ষ এ সম্মেলনে অংশগ্রহণ করছেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি হস্তান্তর ও অবকাঠামোগত দ্বিপাক্ষিক সহযোগিতা নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।





