পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামালের দ্বিপক্ষীয় বৈঠক

পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামালের দ্বিপক্ষীয় বৈঠক
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার কায়সার কামালের দ্বিপক্ষীয় বৈঠক

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে (সিপিসি) অংশ নিয়ে পাকিস্তান এবং আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার স্পিকারদের সঙ্গে পৃথক দুটি দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত সম্মেলনের উদ্বোধনী পর্বের প্রাক্কালে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোকপাত করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ‘পার্লামেন্টারি ডিপ্লোমেসি’ বা সংসদীয় কূটনীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে দুই দেশের সংসদের মধ্যে প্রতিনিধিদল বিনিময়, নিয়মিত সংলাপ ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির আহ্বান জানান তারা।

বৈঠক শেষে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পাকিস্তানের স্পিকারকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান এবং পাকিস্তানের স্পিকারও বাংলাদেশের স্পিকার ও ডেপুটি স্পিকারকে পাকিস্তান সফরের প্রস্তাব দেন।

একই দিনে দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার অ্যাঞ্জেলা থোকোজিলে ডিডিজা এবং ডেপুটি স্পিকার ড. অ্যানেলি লট্রিয়েটের সঙ্গে অপর বৈঠকে মিলিত হন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ বৃদ্ধি ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে জোর তাগিদ দেওয়া হয়।

বৈঠকে ডেপুটি স্পিকার কায়সার কামাল ঢাকায় দক্ষিণ আফ্রিকার একটি স্থায়ী ও আবাসিক হাইকমিশন স্থাপনের অনুরোধ জানান। তিনি বলেন, ঢাকায় তাদের পূর্ণাঙ্গ মিশন বাস্তবায়িত হলে কূটনৈতিক যোগাযোগ, ভিসা-কনস্যুলার সেবা প্রদান এবং দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ আরও সহজ হবে।

বৈঠকগুলোতে বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হুমাম কাদের চৌধুরী, সাকিলা ফারজানা, মো. মাহবুবুল আলম এবং জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সারওয়ার ভূঁইয়াসহ উভয় দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।