কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস: পুরোহিতের অনুমতির আবেদন

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস: পুরোহিতের অনুমতির আবেদন
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস: পুরোহিতের অনুমতির আবেদন

রাষ্ট্রদ্রোহ ও আইনজীবী হত্যাসহ একাধিক মামলায় কারাবন্দি সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী কারাগারে থেকেই তাঁর প্রয়াত মায়ের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন করতে চান। এ উপলক্ষে কারাগারের ভেতরে ধর্মীয় বিধিবিধান পালনে একজন পুরোহিতকে প্রবেশের অনুমতি চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ দাসের পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২০ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের নির্দিষ্ট সেলে এই শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনের অনুমতি চাওয়া হয়েছে। আবেদনের অংশ হিসেবে শ্রাদ্ধের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং পুরোহিত হারাধন রুদ্রকে কারাগারে প্রবেশ করতে দেওয়ার জন্য চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর কারা কর্তৃপক্ষের কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন।

এর আগে গত ১০ সেপ্টেম্বর চিন্ময় কৃষ্ণ দাসের মা পরলোকগমন করেন। মায়ের শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে বিশেষ নিরাপত্তায় ও শর্ত সাপেক্ষে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে।

কারাগারের ভেতরে শ্রাদ্ধানুষ্ঠান আয়োজনের বিষয়ে কারা প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, কারাবন্দি অবস্থায় জেলের অভ্যন্তরে এ ধরনের ধর্মীয় আচার পালনের নজির বেশ বিরল। কারাবিধিতে স্পষ্ট রূপরেখা না থাকায় বিষয়টির সার্বিক আইনগত দিক ও নিরাপত্তাব্যবস্থা বিশ্লেষণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবু হক জানান, “মায়ের শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তির প্রয়োজন ছিল এবং তা প্রদান করা হয়েছিল। তবে কারাগারের ভেতরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের নতুন এই আবেদনের বিষয়টি কারাবিধি অনুযায়ী চট্টগ্রাম জেলা কারাগারের সুপার পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”

উল্লেখ্য, গত বছর থেকে একটি আলোচিত রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি রয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) সাবেক এই সংগঠক। তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।