গরুর গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে প্রশাসন: শুরু হলো ঘর ও দোকান নির্মাণ

গরুর গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে প্রশাসন: শুরু হলো ঘর ও দোকান নির্মাণ
গরুর গোয়ালঘরে বসবাস করা সোহেল-ঝর্ণার পাশে প্রশাসন: শুরু হলো ঘর ও দোকান নির্মাণ

অন্যের গরুর গোয়ালঘরই ছিল তাঁদের একমাত্র মাথা গোঁজার ঠাঁই। সেখানে দুই সন্তানকে নিয়ে দীর্ঘদিন ধরে চরম মানবেতর জীবনযাপন করছিলেন ফরিদপুরের সালথা উপজেলার আটঘর গ্রামের অসুস্থ সোহেল ও ঝর্ণা দম্পতি। দারিদ্র্য ও অনিশ্চয়তায় ঘেরা এই অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সালথা উপজেলা প্রশাসন। তাঁদের জন্য নিরাপদ বাসস্থান ও টেকসই জীবিকার ব্যবস্থা করতে বসতঘর ও একটি দোকান নির্মাণের কাজ শুরু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে আটঘর গ্রামে সোহেল-ঝর্ণা দম্পতির গৃহ ও দোকান নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ওহাব মাতুব্বরের একটি স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর গরুর গোয়ালঘরে বসবাস করছিল পরিবারটি। শারীরিকভাবে অসুস্থ হওয়ায় গৃহপ্রধান সোহেল কাজ করতে পারেন না, আর তাঁর স্ত্রী ঝর্ণা দুটি কিডনি বিকল হয়ে গুরুতর অসুস্থ। চিকিৎসার খরচ ও অভাবের তাড়নায় বড় ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যায়। ছোট ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে।

পরিবারটির আকস্মিক দুরবস্থার কথা জানতে পেরে সম্প্রতি সরেজমিনে গিয়ে সোহেল-ঝর্ণার গোয়ালঘরের জীবনযাত্রা পরিদর্শন করেন ইউএনও মো. দবির উদ্দিন। তাৎক্ষণিকভাবে তাঁদের স্থায়ী পুনর্বাসন ও আয়ের উৎস তৈরির জন্য একটি নিরাপদ বসতঘর ও মুদি দোকান উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দবির উদ্দিন বলেন, “পরিবারটির জীবনযাপন অত্যন্ত করুণ ও হৃদয়বিদারক ছিল। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের স্থায়ী ঘর ও দোকান নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। দোকানটি পরিচালনার জন্য প্রয়োজনীয় মালামালও কিনে দেওয়া হবে, যাতে তারা ঘুরে দাঁড়াতে পারে।”

উদ্বোধনী অনুষ্ঠানে সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম, আটঘর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুর রহমান খান, সালথা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আটঘর ইউপি সদস্য রাজিয়া বেগম ও জয়নাল মুন্সীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। প্রশাসনের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নাজমুল হাসান নিরব

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।