আজ ঢাকায় নভোথিয়েটারে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬

আজ ঢাকায় নভোথিয়েটারে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬
আজ ঢাকায় নভোথিয়েটারে শুরু হচ্ছে

উদ্ভাবন, গবেষণা, শিল্প ও উদ্যোক্তাদের মধ্যে কার্যকর সংযোগ স্থাপন এবং উদ্ভাবনকে বাজার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে রূপান্তরের লক্ষ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আজ ঢাকায় শেরে বাংলানগরে নভোথিয়েটারে শুরু হচ্ছে ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’।

আজ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

‘Innovation Ecosystem Toward Trillion Dollar Economy’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল লক্ষ্য হলো উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক, শিল্পখাত, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, বিশ্ববিদ্যালয় ও উন্নয়ন সহযোগীদের একটি সমন্বিত জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে আসা।

এর মাধ্যমে ধারণা ও গবেষণাকে বাস্তব প্রয়োগ, উদ্যোগ ও বাজারযোগ্য পণ্যে রূপান্তরের পাশাপাশি একটি শক্তিশালী Integrated National Innovation Ecosystem (INIE) গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় ১টি Innovation Hub, ১ হাজারটির বেশি উদ্ভাবন, ১৫টির বেশি সেশন ও সংলাপ, ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়, ১০০টির বেশি শিল্পখাতের বিশেষজ্ঞ এবং ৫০টির বেশি কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণ থাকছে।

দেশ-বিদেশের শিল্পপ্রতিষ্ঠান, বিনিয়োগকারী, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং সরকারি সিদ্ধান্ত গ্রহণকারীদের সঙ্গে উদ্ভাবকদের সংযোগ স্থাপনের পাশাপাশি B2B matchmaking ও সবুজ রূপান্তরভিত্তিক অংশীদারত্বের সুযোগ সৃষ্টি করা হবে।

অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মো. আনোয়ার হোসাইন স্বাগত বক্তব্য প্রদান করবেন। অনুষ্ঠানে বাংলাদেশের টেকসই ভবিষ্যতের জন্য ইনোভেশন ইকোসিস্টেম বিষয়ে অডিও-ভিজ্যুয়াল প্রদর্শন করা হবে।

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্যে উদ্ভাবন ইকোসিস্টেম বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করবেন বুয়েটের অধ্যাপক ও উচ্চশিক্ষা ব্যবস্থায় শিল্প-সমন্বয়বিষয়ক ইউনেস্কো চেয়ার ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার। এছাড়া, উদ্যোক্তা-অভিজ্ঞতা তুলে ধরবেন EskeGen Ltd.-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা সাদাফ সাজ সিদ্দিকী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। পরে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

তিন দিনের এ আয়োজনে পরিবহন ও লজিস্টিকস, যোগাযোগ অবকাঠামো, জলবায়ু সহনশীলতা, STEM শিক্ষা, সবুজ নির্মাণ, স্বাস্থ্য, গবেষণা ও উন্নয়ন, পোশাক ও টেক্সটাইল, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্মার্ট কৃষি, পরিচ্ছন্ন ও বিকল্প জ্বালানি, মানবসম্পদ উন্নয়ন, মেধাস্বত্ব, ডিজিটাল অর্থনীতি ও ফিনটেকসহ উদ্ভাবননির্ভর অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্লেনারি, সেশন ও রাউন্ডটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

মেলায় আরো গুরুত্ব দেওয়া হয়েছে ‘Innovate to Market’ ধারণার ওপর; অর্থাৎ উদ্ভাবনকে শুধু প্রোটোটাইপ পর্যায়ে সীমাবদ্ধ না রেখে শিল্প, বিনিয়োগ ও বাজারের সঙ্গে সংযুক্ত করে মানুষের ব্যবহারযোগ্য পণ্য ও সেবায় রূপান্তর করা।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এ মেলা বাস্তবায়ন করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। কারিগরি অংশীদার হিসেবে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP) যুক্ত রয়েছে।

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’ দেশের উদ্ভাবন ও গবেষণাকে শিল্প ও বাজারের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জাতীয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের জ্ঞানভিত্তিক, প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনমুখী অর্থনীতি গঠনে ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।