দেশে উৎপাদিত ও বিদেশ থেকে আমদানিকৃত সিগারেটের প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহারের প্রচলিত পদ্ধতিতে নতুন বিধিমালা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তামাকজাত পণ্যের মূল্য নির্ধারণ ও কর আদায় ব্যবস্থাকে আরও স্বচ্ছ করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে ‘উৎপাদিত বা আমদানিকৃত তামাকযুক্ত সিগারেটের মূল্য নির্ধারণসহ প্যাকেটে স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার পদ্ধতি বিধিমালা, ২০১৯’ অধিকতর সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সংশোধিত নতুন বিধান অনুযায়ী, বাজারে বিক্রিত প্রতি প্যাকেট সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য, ভেতরের শলাকার সংখ্যা, প্যাকেটের ধরন এবং এনবিআর নির্ধারিত বিশেষ ডিজাইনের ওপর ভিত্তি করে সুনির্দিষ্ট স্ট্যাম্প বা ব্যান্ডরোল ব্যবহার করতে হবে।
নতুন ধার্যকৃত মূল্যসীমা ও ব্যান্ডরোলের ধরন:
-
প্রতি ১০ শলাকা ৬৫ টাকা বা তদূর্ধ্ব: এই মূল্যসীমার ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের ব্যান্ডরোল এবং ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা খয়েরি ডিজাইনের স্ট্যাম্প বাধ্যতামূলক করা হয়েছে।
-
প্রতি ১০ শলাকা ৯২ টাকা বা তদূর্ধ্ব: ১০ শলাকার ‘শেল অ্যান্ড স্লাইড’ প্যাকেটে হালকা গোলাপি ডিজাইনের ব্যান্ডরোল এবং ১০ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা সবুজ ডিজাইনের স্ট্যাম্প ব্যবহার করতে হবে।
-
প্রতি ১০ শলাকা ১৬০ টাকা বা তদূর্ধ্ব: ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে ব্যবহার করতে হবে হালকা নীল ডিজাইনের স্ট্যাম্প।
-
প্রতি ১০ শলাকা ২১০ টাকা বা তদূর্ধ্ব: অভিজাত বা প্রিমিয়াম ক্যাটাগরির এই তামাকজাত পণ্যের ১০, ১২ ও ২০ শলাকার ‘হার্ড অ্যান্ড সফট’ প্যাকেটে হালকা মেরুন ডিজাইনের স্ট্যাম্প ব্যবহারের বিধান করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সচিব আহসান হাবিব স্বাক্ষরিত এই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক সংক্রান্ত প্রজ্ঞাপনটি গত ১৫ সেপ্টেম্বর জারি করা হয় এবং পরদিন ১৬ সেপ্টেম্বর এটি সরকারি গেজেটে প্রকাশিত হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে সংশোধিত এই নতুন নির্দেশনাবলী অবিলম্বে কার্যকর হবে।





