জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ণাঢ্য জীবন, সাহিত্য ও বহুমাত্রিক সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নওগাঁর মান্দায় এক বর্ণাঢ্য সেমিনার, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আতিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা কবির বিদ্রোহী চেতনা, সাম্যবাদ এবং মানবতাবাদী দর্শন তুলে ধরে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় কবির সাহিত্য ও সঙ্গীতের নানা দিক নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিই নন, তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। তার গান ও কবিতা আজও আমাদের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং আত্মবিশ্বাসী হতে প্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মাঝে নজরুল চর্চা বাড়াতে এমন উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করেন অতিথিরা।
সেমিনার শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন, স্থানীয় বিএনপি নেতা নূর বক্স, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সমাপ্তি ঘটে।





