দেশের প্রাতিষ্ঠানিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পেশাজীবীদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার দুপুরে বঙ্গভবনে দি ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) সভাপতি সাব্বীর আহমেদের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, সরকারি, বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও নিরীক্ষা পেশাজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় আইসিএবি প্রতিনিধিদল সংগঠনটির বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
প্রতিনিধিদল আগামী নভেম্বরে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের উদ্যোগে অনুষ্ঠেয় আন্তর্জাতিক কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান।
রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে সম্মেলনে অংশগ্রহণের আশ্বাস দেন।
সাক্ষাতের সময় রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





