গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের সঙ্গে সংঘর্ষ

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে টানা পঞ্চম দিনের মতো গাজীপুরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় অবরোধের পাশাপাশি পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিল্পাঞ্চলজুড়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাওজোড় এলাকায় প্রথমে মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশের তৎপরতায় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।

এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাকের তেলিরচালা এলাকায় আবারও সড়ক অবরোধ করেন শ্রমিকরা। সেখানে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে গেলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনার পর হরিণহাটি ও পল্লীবিদ্যুৎ এলাকাতেও শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে সেখানে বিজিবি ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা বিভিন্ন অলিগলি দিয়ে সরে যান।

কালিয়াকৈর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক ছিল। তবে বেলা ১১টার দিকে মৌচাক এলাকায় কিছুটা বিশৃঙ্খলা দেখা দিলে পুলিশের তৎপরতায় আন্দোলনকারীরা সরে যান।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের আশপাশের শিল্পকারখানাগুলো মঙ্গলবারও বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন।

অন্যদিকে, নগরীর নাওজোড় এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে চলে যান।

গাজীপুরের শিল্প পুলিশ সুপার মো. আমজাদ হোসেন বলেন, অন্যান্য দিনের তুলনায় মঙ্গলবার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে দুটি স্থানে সাময়িক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে সেসব স্থানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।