দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কর্মসংস্থানমুখী দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি। দেশের পাশাপাশি আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা পূরণে উচ্চশিক্ষা ব্যবস্থাকে সমন্বিত, আধুনিক ও বাস্তবমুখী করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি। এর মাধ্যমে শিক্ষিত তরুণদের বেকারত্ব কমিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব বলে তিনি মনে করেন।
শনিবার (১৭ অক্টোবর) বঙ্গভবনে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাক্ষাতের বিষয়টি জানান।
রাষ্ট্রপতি বলেন, দেশের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা, করপোরেট সংস্থা ও বিশেষায়িত প্রতিষ্ঠানে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এসব প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিচালনার জন্যও বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে হচ্ছে। অন্যদিকে দেশে উল্লেখযোগ্যসংখ্যক উচ্চশিক্ষিত তরুণ বেকার রয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় শিক্ষাব্যবস্থা ও শ্রমবাজারের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।
তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে কারিগরি, প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর বিষয়ে আধুনিক এবং মানসম্মত শিক্ষা প্রদানের আহ্বান জানান। একই সঙ্গে শিল্প ও করপোরেট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ, যোগ্য ও কর্মক্ষম জনবল গড়ে তোলার পরামর্শ দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে টিউশন ফি মওকুফ এবং বৃত্তি প্রদানের কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
এ সময় সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম ও শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়টি দাতব্য ও অলাভজনক শিক্ষাপ্রতিষ্ঠানের আদলে পরিচালনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রতিবছর মেধাবী, অসচ্ছল ও বিশেষ কোটার শিক্ষার্থীদের টিউশন ফির ওপর বিভিন্ন হারে ছাড় ও বৃত্তি হিসেবে গড়ে প্রায় ৩২ কোটি টাকা প্রদান করা হয় বলে তিনি উল্লেখ করেন।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে যোগ দেওয়ার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবসহ সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব, বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার এবং উপদেষ্টারা উপস্থিত ছিলেন।





