দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৯৯ জন।
শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত ৩৭১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই মারা গেছেন ১২৬ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ২৯৯ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৯ হাজার ৮০১ জনে।
এদিকে গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে ১ হাজার ২৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট ১ লাখ ১৩ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
নতুন ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৫২১ জন ঢাকা বিভাগে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ২১৯ জন, বরিশালে ১৫৯ জন, খুলনায় ১৪৭ জন, রাজশাহীতে ১১৩ জন, ময়মনসিংহে ১০০ জন এবং রংপুরে ৩৮ জন রোগী ভর্তি হয়েছেন।





