বাংলাদেশ সফরকালে ঢাকার ঐতিহাসিক শিখ ধর্মীয় উপাসনালয় গুরুদুয়ারা নানক শাহী পরিদর্শন করেছেন কানাডা সরকারের আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাই।
সোমবার (১২ অক্টোবর ২০২৬) তিনি কানাডার উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে গুরুদুয়ারাটি পরিদর্শন করেন।
এ সময় গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশ (রেজি.)-এর সভাপতি অমর চান্দের নেতৃত্বে কমিটির সদস্যরা প্রতিমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। উপস্থিত ছিলেন কমিটির সহসভাপতি ডা. মৃত্যুঞ্জয় কুমার রায় (ডা. এম কে রায়) এবং সাধারণ সম্পাদক তাপস লাল চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
পরিদর্শনকালে গুরুদুয়ারা নানক শাহীর গ্রন্থী জাগপ্রীত সিং শিখ ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ‘শ্রী গুরু গ্রন্থ সাহিব’ পাঠ করেন। এ সময় ধর্মীয় রীতি অনুসারে হুকুমনামা ও আরদাস অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত সংগতের মধ্যে কারা প্রসাদ বিতরণ করা হয়।
সফরকালে প্রতিমন্ত্রী রণদীপ সরাই গুরুদুয়ারা ম্যানেজমেন্ট কমিটি বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। আলোচনায় বাংলাদেশে অবস্থিত বিভিন্ন গুরুদুয়ারার সমস্যা ও সংশ্লিষ্ট বিষয়গুলো তাঁর কাছে তুলে ধরেন কমিটির প্রতিনিধিরা।
প্রতিমন্ত্রী মনোযোগ দিয়ে সমস্যাগুলোর কথা শোনেন এবং সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কানাডার প্রতিমন্ত্রীর এই পরিদর্শন বাংলাদেশে শিখ সম্প্রদায়ের ধর্মীয় উপাসনালয়গুলোর সমস্যা তুলে ধরা এবং সংশ্লিষ্ট বিষয়ে পারস্পরিক যোগাযোগের একটি সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।





