পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক
পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের বৈঠক

জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সঙ্গে আজ জার্মানির সংসদীয় প্রতিনিধি দলের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

এ সময় কমিটির সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এস কে আজিজুল বারী, এ বি এম মোশাররফ হোসেন ও সানজিদা ইসলাম এবং নিকলাস কাপের নেতৃত্বে জার্মানির সংসদীয় প্রতিনিধিদল বুন্ডেস্টাগ সদস্য গেরোল্ড ওটেন, জোহান সাদহোফ, উলে শাওস এবং বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত ড. রুডিগার লটজ উপস্থিত ছিলেন।

জার্মানিকে বাংলাদেশের একটি দীর্ঘদিনের বিশ্বস্ত, নির্ভরযোগ্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি শীর্ষস্থানীয় অংশীদার রাষ্ট্র হিসেবে উল্লেখ করে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

বৈঠকে উল্লেখ করা হয়, বাংলাদেশের সাম্প্রতিক গণতান্ত্রিক রূপান্তর দুই দেশের অংশীদারিত্বকে আরও ব্যাপক ও সুদৃঢ় স্তরে উন্নীত করার একটি নতুন সুযোগ তৈরি করেছে। এই লক্ষ্য অর্জনে জার্মানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য বাংলাদেশ প্রস্তুত রয়েছে।

এ সময় নির্বাচনী প্রক্রিয়ার তথ্য উপাত্ত তুলে ধরে জানানো হয়, দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৭.৭ মিলিয়নেরও বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের ৬০.২৩ শতাংশ। এছাড়া, নারীর রাজনৈতিক অংশগ্রহণ ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে জাতীয় সংসদে নারীদের জন্য ৫০টি আসন সংরক্ষিত রয়েছে। নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণাঙ্গ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন প্রেরণের জন্য ধন্যবাদ জানিয়ে বলা হয়, তাদের চূড়ান্ত প্রতিবেদনের সুপারিশগুলো নির্বাচনী প্রক্রিয়ার সততাকে আরও শক্তিশালী করবে।

সংসদীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংসদীয় প্রতিনিধি দল বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের জাতীয় সংসদ ও জার্মান সংসদ বুন্ডেস্টাগের মধ্যে সংসদীয় কূটনীতি গভীর করার আগ্রহ প্রকাশ করা হয়। এই যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে উভয় সংসদে ‘বাংলাদেশ-জার্মানি সংসদীয় মৈত্রী গ্রুপ’ গঠনের প্রস্তাব করা হয়।

বাংলাদেশে চলমান রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ কাটিয়ে উঠতে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপ সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়।

বৈঠকে জার্মানির সংসদীয় প্রতিনিধি দল, বাংলাদেশ জাতীয় সংসদের স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।