এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার
এভিয়েশন হাব গড়তে লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার

বাংলাদেশের এভিয়েশন খাতের অগ্রগতি এবং দেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে লুফথানসার সঙ্গে কাজ করতে আগ্রহী সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

মঙ্গলবার (৬ অক্টোবর) মন্ত্রণালয়ের নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লটজের নেতৃত্বে লুফথানসার একটি প্রতিনিধিদল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলে এ বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিমান যোগাযোগ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই পক্ষ।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও জার্মানির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে বেসামরিক বিমান খাতে সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ রয়েছে। বিশ্বখ্যাত এভিয়েশন প্রতিষ্ঠান লুফথানসা বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

তিনি বলেন, দেশে Maintenance, Repair and Overhaul (MRO) সুবিধা স্থাপনে লুফথানসার বিনিয়োগের সুযোগ রয়েছে। পাশাপাশি বাংলাদেশে দক্ষ বিমান চলাচল ও কারিগরি জনবল তৈরিতেও লুফথানসার সঙ্গে কাজ করতে চায় সরকার।

মন্ত্রী আরও বলেন, ২০১৭ সাল থেকে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নে যাওয়া কার্গোর ক্ষেত্রে High Risk Cargo & Mail (HRCM) স্ট্যাটাস বহাল রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এ বিষয়ে বিভিন্ন পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সম্প্রতি সম্পন্ন নিরাপত্তা অডিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ৯০ শতাংশের বেশি রেটিং অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, HRCM স্ট্যাটাস প্রত্যাহারে জার্মানির সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর আধুনিকায়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়। মন্ত্রী জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য ১০টি এয়ারবাস কেনার চুক্তি স্বাক্ষরের বিষয়ে সরকার কাজ করছে। তবে এসব উড়োজাহাজের সরবরাহের সময়সীমা এগিয়ে আনা প্রয়োজন।

তিনি ২০৩০ সালের আগেই এয়ারবাসের ডেলিভারি শুরু করার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে বাংলাদেশ ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ বাড়ানো এবং পর্যটন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।