বিশেষ প্রতিবেদকঃ পুরুষ নির্যাতন প্রতিরোধ আইন প্রণয়ন, পুরুষবিষয়ক মন্ত্রণালয় গঠনের দাবি জানিয়েছে পুরুষ নির্যাতন প্রতিরোধ আন্দোলন বাংলাদেশ (পুনিপ্রআবিডি) নামের একটি সংগঠন।
আজ বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন। এদের মধ্যে স্ত্রীর হাতে নির্যাতনের শিকার পুরুষরাও ছিলেন বলে জানা গেছে।
নারী নির্যাতন ও যৌতুক মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুত নিষ্পত্তিসহ ২১ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।
মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক খায়রুল আলম, নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক বাবুল মিয়া ও মাহমুদুর রহমান চৌধুরী জয়।
আহ্বায়ক বলেন, ‘নারীরা কিছু হইলেই স্বামীকে শায়েস্তা করার জন্য প্রথমে যৌতুকের কেস দেয়, যৌতুকের কেসে জামিন হওয়ার পর নারী নির্যাতনের কেস দেয়, অনর্থকভাবে। নারী নির্যাতন কেস দিলে মিথ্যা জানা সত্ত্বেও আগে হাজতে পাঠাতে হবে, হাজতে পাঠানোর পর স্ত্রীর সঙ্গে সমঝোতা করতে হবে, তারপর জামিন হবে। কিন্তু এখানে পুরুষের মানবাধিকার নেই, পুরুষের মানবাধিকার সম্পূর্ণ লঙ্ঘিত হচ্ছে।’
সভায় বক্তারা অভিযোগ করে বলেন, দেশে নারী নির্যাতন দমন আইন থাকলেও পুরুষ নির্যাতন দমন আইন নেই। কিন্তু বাংলাদেশে প্রতিনিয়ত হাজার হাজার পুরুষ নারীর হাতে নির্যাতিত হয়ে বছরের পর বছর জেল খাটছে। একই সঙ্গে নারী নির্যাতন ও যৌতুক মামলা হলেই পুরুষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। দেশে মহিলাবিষয়ক মন্ত্রণালয় থাকলেও পুরুষবিষয়ক কোনো মন্ত্রণালয় না থাকায় পুরুষসমাজ নানাভাবে আইনি জটিলতার কারণে হয়রানি হচ্ছে।